অপেক্ষার অবসান, বড়পর্দায় আবারও ফিরছেন বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দা। সাম্প্রতিক এক সাংবাদিক বৈঠকে তিনি তাঁর নতুন দুটি ছবির ঘোষণা করেছেন। ছবি দু'টির নাম ‘রূপা’ এবং ‘দুনিয়াদারি’। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই অভিনেতার অনুরাগীদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে।

গোবিন্দা শুধু এই ছবিগুলিতে অভিনয়ই করছেন না, পাশাপাশি তিনি নিজেই এই ছবি দুটির প্রযোজনাও করছেন। ছবিটিতে তাঁর বিপরীতে দেখা যাবে নবাগতা রানি স্বর্ণকারকে। সাংবাদিক সম্মেলনে অভিনেতা বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানালেন, “এখন আমি সম্পূর্ণ প্রস্তুত।” তিনি আরও জানিয়েছেন যে, শীঘ্রই ছবির বাকি কলাকুশলীদের নাম ঘোষণা করা হবে।

‘রূপা’ এবং ‘দুনিয়াদারি’ সম্পর্কে বলতে গিয়ে অভিনেতা জানান, এই ছবিগুলো মূলত আজকের প্রজন্মের কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে। গোবিন্দার কথায়, আজকের তরুণ-তরুণীরা বড় স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করলেও, অনেক সময় তাঁরা দিশেহারা হয়ে পড়ে। এই ছবির মাধ্যমে তিনি তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে চান। তিনি চান, বর্তমান প্রজন্ম যেন নিজেদের শিকড়কে ভুলে না যায় এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যায়।

প্রসঙ্গত, ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘রঙ্গিলা রাজা’-র পর দীর্ঘ সাত বছর বড়পর্দা থেকে দূরে ছিলেন গোবিন্দা। মাঝে কিছু কাজ করলেও পুরোদস্তুর অভিনয় থেকে বিরতিতেই ছিলেন তিনি। এদিকে, গোবিন্দার স্ত্রী সুনীতা এবং ছেলে যশবর্ধনও খুব শীঘ্রই বড়পর্দায় পা রাখতে চলেছেন। তাঁদের মা ও ছেলের ভূমিকায় দেখা যাবে একতা কাপুরের ছবিতে। সব মিলিয়ে, গোবিন্দার পরিবার এখন নতুন করে বলিউডে নিজেদের ছাপ ফেলতে প্রস্তুত।