গঙ্গার সামনে বিরাট অগ্নিপরীক্ষা। একদিকে তার পড়াশোনা, জীবনের প্রথম বড় পরীক্ষা, অন্যদিকে তার মা। দুইয়ের মধ্যে কাকে বেছে নেবে, কী ঘটতে চলেছে নায়িকার জীবনে?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'গঙ্গা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে গঙ্গা তার জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছে। অর্জুনের চেষ্টায় সে আবার নতুন করে পড়াশোনা শুরু করেছে। মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে যেদিন সেদিনই বিপদের কালো ছায়া নেমে আসে গঙ্গার জীবনে।
পরীক্ষার সেন্টারে পৌঁছে নায়িকা জানতে পারে তার মা অসুস্থ। তাকে সাপে কেটেছে। জীবন মরণ নিয়ে টানাটানি চলছে। সেটা শুনে পরীক্ষা ফেলে, সব ভুলে হাসপাতালে ছুটে আসে। ছুটে আসে তার স্বামীও। মাকে বাঁচাতে কঠিন ব্রত রাখে নায়িকা। এদিকে যে সময় বয়ে যাচ্ছে। তাহলে? অর্জুন জানায়, এই ব্রত স্ত্রীর হয়ে সে করবে, আর গঙ্গা যাবে পরীক্ষা দিতে। শেষ পর্যন্ত নায়িকা মাধ্যমিক দিতে পারে নাকি কী ঘটে সেটাই এখন দেখার।
প্রসঙ্গত, 'গীতা এলএলবি' ধারাবাহিকের পর স্টার জলসার হাত ধরেই ফের ধারাবাহিকে ফিরলেন হিয়া মুখোপাধ্যায়। এখানে তাঁর বিপরীতে রয়েছেন সাহেব ভট্টাচার্য। সাহেবকেও শেষবার একই চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক 'কথা'য় দেখা গিয়েছিল। 'গঙ্গা' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ রাত ৯টা নাগাদ দেখা যায়। এই বিশেষ পর্বটি আগামী ৪ এবং ৫ জুলাই দেখানো হবে।
















