সদ্যই শুরু হয়েছে 'গঙ্গা'র পথচলা। স্টার জলসার পর্দায় নতুন রূপে ফিরেছেন হিয়া মুখোপাধ্যায়। 'গীতা এলএলবি'র মতো 'গঙ্গা'ও প্রথম থেকেই নজর কাড়ছে দর্শকদের। গল্পে এবার আসছে নতুন চমক। কাছাকাছি আসবে নায়ক-নায়িকা? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'গঙ্গা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে গঙ্গার দিদি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেয়। কোনও মতে নিজের প্রাণ বাজি রেখে নদীতে ঝাঁপিয়ে তাকে বাঁচিয়ে তুলে আনে নায়িকা। তখনই তাকে তার দিদি পিয়ালি জানায় যে তার জীবন, সংসার সব শেষ হয়ে গিয়েছে। 

এরপর প্রোমো এগোতেই দেখা যাচ্ছে, পিয়ালির বিয়ে হয়েছে গল্পের নায়ক অর্জুনের ভাই রৌনকের সঙ্গে। কিন্তু তারপরেও সে বাড়ির দেখা মেয়েকে বিয়ে করছে। আর সেই সময়ই দিদিকে নিয়ে সেখানে হাজির হয় নায়িকা। জানায় রৌনক আগে থেকেই বিবাহিত। এমনকী সকলের সামনে নিয়ে আসে তার প্রথম স্ত্রী অর্থাৎ পিয়ালিকে। এই কথা রৌনক অস্বীকার করে। এমনকী অর্জুনের প্রেমিকাও জানায় পিয়ালির মতো মেয়েরা এভাবে বড়লোকের ছেলেদের ফাঁসায়। সেই সময় উপায় না দেখে গঙ্গা অর্জুনের কাছে আবেদন করে সাহায্য করার। জবাবে নায়ক জানায় যদি সে ঠিক কথা বলে থাকে, তাহলে কেউ গঙ্গার পাশে না থাকলেও সে থাকবে। এমন অবস্থায় কী ঘটে সেটাই দেখার। গঙ্গা এবং পিয়ালির কথা সত্য প্রমাণিত হবে, নাকি এসবের মাঝে কাছাকাছি আসবে নায়ক নায়িকা? কী ঘটে উত্তর আগামীতে পাওয়া যাবে। 

https://www.instagram.com/reels/DVvE9_hDDvk/

এদিন 'গঙ্গা' ধারাবাহিকের এই প্রোমো প্রকাশ্যে আসার পরই হেসে খুন নেটপাড়া। কেন? কারণ, গঙ্গা অর্জুনকে 'স্যানিটাইজার বাবু' বলে ডাকে। এক ব্যক্তি লেখেন, 'ভালই চলছে। আগের ধারাবাহিকে পাচক মশাই, এখন স্যানিটাইজার বাবু!' আরও এক ব্যক্তি লেখেন, 'তাই বলে স্যানিটাইজার বাবু? এই নামে কে ডাকে ভাই?' 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, চলতি সপ্তাহ থেকেই শুরু হয়েছে এই ধারাবাহিক। 'গীতা এলএলবি' ধারাবাহিকের পর স্টার জলসার হাত ধরেই ফের ধারাবাহিকে ফিরলেন হিয়া মুখোপাধ্যায়। এখানে তাঁর বিপরীতে রয়েছেন সাহেব ভট্টাচার্য। সাহেবকেও শেষবার একই চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক 'কথা'য় দেখা গিয়েছিল। 'গঙ্গা' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ রাত ৯টা নাগাদ দেখা যায়। আর এই প্রতিবাদের বিশেষ পর্ব দুটো ১১ এবং ১২ মার্চ সম্প্রচারিত হবে। প্রসঙ্গত, আগে রাত ৯ টা নাগাদ 'চিরসখা' ধারাবাহিক দেখা যেত। এখন এই মেগা রাত ১০ টা নাগাদ সম্প্রচারিত হয়।