সাসপেন্সের আবহে আসছে 'সব চরিত্ররা'। দর্শকের জন্য চমক হয়ে আসছে নতুন মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা। পরিচালনায় দীপ মোদক। ইতিমধ্যেই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে এবং তা দর্শকের মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি করেছে।সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই ছোট ছবিটি মুক্তি পাবে রিল্যায়েন্স এন্টারটেনমেন্ট-এর ইউটিউব প্ল্যাটফর্মে।
ছবির গল্প আবর্তিত হয়েছে এক উচ্চাকাঙ্ক্ষী অভিনেতাকে ঘিরে, যার জীবনে পেশাগত অনিশ্চয়তা আর ব্যক্তিগত অস্থিরতা ধীরে ধীরে জটিল রূপ নিতে থাকে। এক অচেনা ব্যক্তির উপস্থিতি তার জীবনের ছন্দ বদলে দেয়, আর তারপর থেকেই শুরু হয় এক মানসিক গোলকধাঁধা। ঘটনাপ্রবাহ এগোতে থাকে এমনভাবে, যেখানে বাস্তব আর অনুভূতির সীমারেখা ক্রমশ অস্পষ্ট হয়ে ওঠে। অভিনয়ে রয়েছেন ঋতব্রত মুখোপাধ্যায়, দেবরাজ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা ভট্টাচার্য। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রানা বসু ঠাকুর ও দেবপ্রসাদ হালদারকে।
চরিত্রনির্ভর এই গল্পে রয়েছে মনস্তাত্ত্বিক টানাপোড়েন, সম্পর্কের সূক্ষ্ম পরিবর্তন এবং অজানা প্রশ্নের ইঙ্গিত। ট্রেলার ইতিমধ্যেই বোঝাচ্ছে 'সব চরিত্ররা’ শুধুমাত্র একটি গল্প নয়, বরং এক মনস্তাত্ত্বিক যাত্রা, যা দর্শকদের অন্য ভাবে ভাবতে বাধ্য করবে। এবার দেখার পালা— পর্দায় ঠিক কীভাবে উন্মোচিত হয় এই রহস্য।

পরিচালক দীপ মোদকের কথায়, "এটা আমার কাছে শুধু একটি সাইকোলজিক্যাল থ্রিলার নয়, বরং মানুষের মনের ভিতরের অদৃশ্য অস্থিরতাকে অন্বেষণের একটি চেষ্টা। আমরা প্রত্যেকে নিজের ভিতরে বহু চরিত্র বহন করি— স্বপ্নদ্রষ্টা, ভীত মানুষ, উচ্চাকাঙ্ক্ষী সত্তা, আবার কখনও ভেঙে পড়া একাকী মন। সেই বহুস্তরীয় মানসিক অবস্থাকেই এই ছবির মাধ্যমে ধরতে চেয়েছি।
গল্পের কেন্দ্রে থাকা একজন সংগ্রামী অভিনেতার যাত্রা আসলে অনেকের বাস্তবতার প্রতিফলন। প্রত্যাশা আর প্রাপ্তির ফাঁকে যে চাপ, যে হতাশা তৈরি হয়, তা কখনও কখনও মানুষকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে বাস্তব ও কল্পনার সীমারেখা ঝাপসা হয়ে ওঠে। সেই সূক্ষ্ম মুহূর্তগুলোকেই সিনেমার ভাষায় প্রকাশ করার চেষ্টা করেছি।"
অভিনেতা ঋতব্রতর কথায়, “কুশলের চরিত্রটা এতটাই জটিল, যে তার মন ও মাথাকে বুঝতে বেশ খানিক বেগ পেতে হয়েছে আমায়। তবে সেটাই অভিনেতার আনন্দ। সবটা দিয়ে কাজ করতে পারলেই ভাল লাগে আর আমার মনে হয় এই ছবির সঙ্গে যুক্ত সবাই সেই ভালবাসা ও পরিশ্রম দিয়ে গল্পটাকে জীবন্ত করে তুলেছে।”
দেবরাজ ভট্টাচার্য বলেন, "দীপ মোদকের স্বল্প দৈর্ঘ্য ছবি 'সব চরিত্ররা' মুক্তি পাবে ২০ ফেব্রুয়ারি। আমার অভিনীত চরিত্রের নাম ঋত্বিক দাশগুপ্ত। ঋতব্রত এবং প্রিয়াঙ্কা আমার সহ-অভিনেতা, মূলত ওদের সঙ্গে আমার চরিত্রের নানারকম টানাপোড়েন এই গল্পের অন্যতম বিষয়। ভীষণ মনস্তাত্বিক জটিলতার পরতে বোনা রয়েছে এই গল্প। আশা করি, দর্শকের ভাল লাগবে।"
প্রিয়াঙ্কার কথায়, "সব চরিত্ররা আমার কাছে ভীষণ স্পেশাল একটা প্রজেক্ট। এখানে যাঁরা অভিনয় করেছেন, প্রত্যেকেই আমার খুব পছন্দের অভিনেতা-অভিনেত্রী, আর তাঁদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুণ। দীপদার পরিচালনায় এটা আমার দ্বিতীয় কাজ। যখন প্রথম গল্পটা শুনেছিলাম, তখনই দীপদাকে বলেছিলাম—এটা ভীষণ ইন্টারেস্টিং একটা প্রজেক্ট হতে চলেছে। আর সত্যি বলতে, সেটাই হয়েছে। দর্শক আগে থেকে বুঝতেই পারবে না, গল্পটা আসলে কোন দিকে মোড় নিতে চলেছে। অনেক দিন ধরে এই কাজটার জন্য অপেক্ষা করেছি। আমার চরিত্রের মধ্যে একটা অদ্ভুত দিক আছে, যেটা আমাকে ভীষণ টেনেছে। পুরো প্রজেক্টটা নিয়ে আমি খুবই এক্সাইটেড।"
