ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ আসছে মিমি চক্রবর্তীর নতুন সিরিজ 'কুইনস'। পরিচালনায় নির্ঝর মিত্র। এই সিরিজের ঘোষণা চলতি বছরের শুরুতেই হয়ে গিয়েছিল। এই সিরিজে উঠে আসতে দেখা যাবে প্রতিশোধের গল্প। মিমিকে দেখা যাবে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতেও। এর আগেও প্রতিবাদী চরিত্রে নজর কেড়েছেন মিমি।

তবে এবার ভূমিকাটা একটু অন্য রকম। আগামী ১২ জুন হইচই-এ মুক্তি পাচ্ছে এই সিরিজ। আজকাল ডট ইন-এ প্রকাশ্যে সিরিজে মিমির চরিত্রের প্রথম ঝলক।

প্রথম ঝলকেই দেখা যাচ্ছে, মিমির চরিত্রের বিভিন্ন লুক। কখনও বিয়ের আগে, গায়ে হলুদের সাজে। কখনও নববধূর সাজে।

আর এরপরেই বিষাদে আর কৌতূহলে ঢাকা অভিনেত্রীর চরিত্রের বিভিন্ন ঝলক দেখা যাচ্ছে। কখনও চিন্তায় মগ্ন, কখনও আবার সত্যের সন্ধানে বেপরোয়া।

স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে চরম পদক্ষেপ করতে দেখা যাবে অভিনেত্রীকে। টলিপাড়ার অন্দরের খবর, অভিনেতা রাহুল দেব বসুকে দেখা যেতে চলেছে এই চরিত্রে। এই প্রথমবার মিমির সঙ্গে জুটি বাঁধছেন রাহুল। ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে এই সিরিজের। 

এর আগেও নির্ঝরের পরিচালনায় কাজ করেছেন মিমি চক্রবর্তী। 'ডাইনি' সিরিজে তাক লাগিয়েছিলেন অভিনেত্রী। অন্যায়ের প্রতিবাদে গর্জে উঠতে আগেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। কিন্তু খবর, এবার নির্ঝরের পরিচালনায় ধরা দেবেন এক অন্য মিমি। 

প্রসঙ্গত, মিমি চক্রবর্তী ছাড়াও প্রতিশোধ নিতে দেখা যাবে অভিনেত্রী পায়েল দেকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দুর্বার শর্মা, অর্ণ মুখোপাধ্যায় ও যুধাজিৎ সরকার।