দর্শকের পছন্দের ঘরানা বলতেই একবাক্যে উঠে আসে থ্রিলারের নাম। রহস্যে ঘেরা ছবির মোড়ে কোন নতুন চমক অপেক্ষা করছে তা জানতে আগ্রহী দর্শকমহল। দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই বাংলায় তৈরি হচ্ছে একের পর এক থ্রিলার ছবি। এবার রহস্যের জালে গল্প বলতে আসছেন পরিচালক অভ্রজিৎ সেন। ভরপুর রহস্যের সঙ্গে জুড়বে মিষ্টি সম্পর্ক। জি ফাইভে আসছে এক নতুন সিরিজ, নাম 'রঙ্কিণী ভবন'। আজকাল ডট ইন প্রকাশ্যে এল সিরিজের প্রথম ঝলক। 

 

 

একটি প্রত্যন্ত গ্রামের গোপন রহস্য, প্রাচীন আচার-অনুষ্ঠান এবং প্রজন্ম-বাহিত ভয়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই মনস্তাত্ত্বিক থ্রিলার। সিরিজটির রুদ্ধশ্বাস প্রথম ঝলক দর্শকদের একটি সময়-স্থবির জগতে নিয়ে যায়, যেখানে মৃত্যু পরিবারের অবিচ্ছেদ্য অংশ, আর ঠিক সেই বাড়িতেই প্রবেশ করে নতুন বউ।

 


অভ্রজিৎ সেন পরিচালিত 'রঙ্কিণী ভবন'-এর কেন্দ্রে রয়েছে এক তরুণী, যে এই পরিবারের নতুন বউ হয়ে আসার পর বাড়ির অন্ধকার এবং ভয়ংকর উত্তরাধিকারের মুখোমুখি হয়। 'রঙ্কিণী ভবন'-এ রয়েছে দর্শকের পছন্দের অভিনেতাদের সমাহার। গল্পে প্রথমবার দেখা যাবে গৌরব রায়চৌধুরী ও শ্যামৌপ্তি মুদলির জুটিকে। 

 

সিরিজে 'যূথিকা'র চরিত্রে রয়েছেন শ্যামৌপ্তি। 'আদিত্যনাথ'-এর চরিত্রে রয়েছেন গৌরব‌। তাঁদের সঙ্গে 'পদ্মাবতী'র চরিত্রে থাকছেন বিদীপ্তা চক্রবর্তী। জানা যাচ্ছে, তার উপস্থিতি ওই বাড়িতে আবেগিক জটিলতা যোগ করে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তানিকা বসু, আভেরী সিংহ রায়, সিদ্ধার্থ ঘোষ, অনিরুদ্ধ গুপ্ত, ঈশানী সেনগুপ্ত। এছাড়াও পুলিশ ইন্সপেক্টর 'মানস মাহাতো'র চরিত্রে অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায়। 

 

 

প্রসঙ্গত, মুখ্য অভিনেতাদের মধ্যে অনেককেই ছবি ও সিরিজের দুনিয়ায় দর্শক দেখলেও শ্যামৌপ্তিকে ওটিটির পর্দায় এই প্রথমবার দেখবেন। এতদিন ছোটপর্দায় বিভিন্ন চরিত্রে অভিনয় করে অনুরাগীদের মন জয় করেছেন। তবে ওটিটিতে এই প্রথমবার কাজ করতে চলেছেন তিনি। শ্যামৌপ্তিকে দর্শক শেষ দেখেছেন জি বাংলার ধারাবাহিক 'অমর সঙ্গী'তে‌। 

 

 

 

অন্যদিকে, গৌরব রায়চৌধুরীকেও অনেকদিন পর্দায় দেখা যায় না। জি বাংলার ধারাবাহিক 'পুবের ময়না'য় তাঁকে শেষ দেখা গিয়েছিল। যদিও মাঝে একটি ছবিতে দেখা যাওয়ার কথা অভিনেতাকে। ইতিমধ্যেই শেষ হয়েছে সেই ছবির শুটিং। এবার ওটিটির পর্দায় জমজমাট থ্রিলারে থাকছেন তিনি।