সংবাদসংস্থা মুম্বই: অনেকদিন পর পরিচালকের আসনে অনুরাগ বসু৷ মুক্তি পেতে চলেছে 'মেট্রো ইন দিনো'। বহুবার পিছলেও এবার মুক্তির তারিখ ঘোষণা করল ছবির নির্মাতারা ৷ চলতি বছর ৪ জুলাই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'মেট্রো ইন দিনো'৷ ২০০৭ সালে মুক্তি পেয়েছিল 'লাইফ ইন আ মেট্রো' ছবিটি ৷ ১৮ বছর পর ছবির সিক্যুয়েল নিয়ে আসছেন পরিচালক অনুরাগ বাসু ৷

 

 

 

 

নুতন এই ছবিতে পুরনো কোনও তারকাদের দেখা যাবে না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন পরিচালক ৷ 'মেট্রো ইন দিনো' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে আদিত্য রায় কাপুর, সারা আলি খান, অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, ফতিমা সানা শেখ৷ থাকছেন টলিপাড়ার দুই তারকা শাশ্বত চট্টোপাধ্যায় ও দর্শনা বণিক।ছবির সিক্যুয়েলে একমাত্র কঙ্কনা সেনশর্মাকেই ফিরিয়ে এনেছেন পরিচালক অনুরাগ।

 

 

 

ছবিটি প্রযোজনা করছে টি-সিরিজ ও অনুরাগ বসু প্রযোজনা সংস্থা৷ আগের বারের মতো এবারও সঙ্গীতের দায়িত্ব সামলাবেন প্রীতম৷ এর আগে অনুরাগ-প্রীতম জুটি একাধিক ভাল গান উপহার দিয়েছে দর্শককে৷ তার মধ্যে রয়েছে 'গ্যাংস্টার', 'লাইফ ইন আ মেট্রো', 'বরফি', 'জগ্গা জাসুস' ও 'লুডো'র মতো হিট ছবি ৷ এবার মুক্তি পেল 'মেট্রো ইন দিনো'র গানের প্রথম ঝলক। ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে অরিজিৎ সিং-এর কণ্ঠে ছবির গান 'জামানা দিল'। এই গানেই সামনে এসেছে ছবির চরিত্রদের প্রথম ঝলক।