'ডন ৩' ছবিটির প্রায় বছর দু'য়েক আগে ঘোষণা হলেও সেই ছবি এখন বিশ বাঁও জলে। সম্প্রতি 'ডন ৩' ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং। এবার এই বিষয়ে মুখ খুললেন ফারহান আখতার। পরিচালক জানালেন বিগত কিছু বছর একেবারেই অপ্রত্যাশিত কেটেছে তাঁর।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ফারহান আখতার বলেন, 'বিগত কয়েক বছরে অনেক কিছু ঘটে গিয়েছে। অপ্রত্যাশিত কিছু ঘটলেও সেটা মেনে নিতে শিখেছি। কোনও কিছুকেই টেকেন ফর গ্রান্টেড নেওয়া উচিত নয়, যতক্ষণ না আপনি সেটাকে ছবিতে পাচ্ছেন।' পরিচালক এও জানিয়ে এই ফেজটি তাঁর জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল অতীতের তুলনায়। ছবিটি শুরু হওয়ার আগে কী কী এবং কত বাধা পেয়েছে সেই বিষয়েও ইঙ্গিত দেন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, রণবীর সিং ছবিটি ছেড়ে বেরিয়ে যাওয়ার পরই ফারহান আখতারের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট প্রডিউসারস গিল্ড অফ ইন্ডিয়ার দ্বারস্থ হয়েছে। জানিয়েছে এভাবে শেষ মুহূর্তে ছবিটি থেকে রণবীর সরে দাঁড়ানোয় তাঁদের ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে রণবীর সিং এই ছবির নির্মাতাদের আনপ্রোফেশনাল বলে তকমা দিয়েছেন। তাঁর দাবি ফারহান আখতার তাঁর অন্যান্য কাজ নিয়েই ব্যস্ত, 'ডন ৩' ছবিটির দিকে নজর দিচ্ছেন না তিনি। 'ধুরন্ধর' ছবিটি সফল হওয়ার পর আবার তাঁর কাছে 'ডন ৩' নিয়ে কথা বলি যাওয়া হয়। এভাবে টালবাহানা চলার কারণেই রণবীর সরে দাঁড়িয়েছেন এই ছবি থেকে। যদিও ফারহান উক্ত গিল্ডের কাছে যে তথ্য পেশ করেছেন সেখানে তিনি তুলে ধরেছেন রণবীরের 'ডন ৩' ছবিটির স্ক্রিপ্ট নিয়ে কী কী সমস্যা জানিয়েছেন সেটা। ফলে দোষারোপ, পাল্টা দোষারোপ চলছে। ছবি থেকে সরে দাঁড়ালেও ফারহান জানিয়েছেন রণবীর নাকি এই ছবিতে কাজ করার জন্য মুখিয়ে ছিলেন। বিশেষ করে যেহেতু তিনি অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের জুতোয় পা গলাতে চলেছিলেন। রণবীর নিজেও এই বিষয়ে একটি ছবি শেয়ার করেছিলেন অতীতে। যেখানে তাঁর ছোটবেলার একটি ছবি দেখা গিয়েছিল বন্দুক হাতে। সেই ছবি পোস্ট করে অভিনেতা জানিয়েছিলেন তিনি কতটা মুখিয়ে আছেন এই ছবিতে কাজ করার জন্য।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, রণবীর সিংকে যখন প্রথমবার 'ডন' হিসেবে ঘোষণা করা হয় ক্ষোভে ফেটে পড়েন শাহরুখ অনুরাগীরা। বিস্তর কটাক্ষ, বিদ্রুপের মধ্যে দিয়ে যেতে হয় অভিনেতাকে।
রণবীর সিং বেরিয়ে যাওয়ার পর কি তবে 'ডন ৩' বিশ বাঁও জলে? বিষয়টা খোলসা না করলেও ফারহান আখতার জানিয়েছেন গল্পটা অসাধারণ। তিনি বিষয়টা বিবেচনা করবেন।















