হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেক অভিনেতা-অভিনেত্রীই প্রতিভার জোরে হলিউডে জায়গা করে নিয়েছেন। সেই তালিকায় এবার নতুন সংযোজন ফারহান আখতার। আন্তর্জাতিক মঞ্চে বড়সড় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি, এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই অভিনেতা, পরিচালক ও প্রযোজককে।
বিটাউন সূত্রের খবর, ফারহান অভিনয় করবেন বিশ্ববিখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের ভূমিকায়। চরিত্রটি থাকবে বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড দ্য বিটলস-কে নিয়ে তৈরি একটি বিশেষ বায়োপিক প্রজেক্টে। ছবির নাম রাখা হয়েছে 'দ্য বিটলস – আ ফোর ফিল্ম সিনেম্যাটিক ইভেন্ট'। যা সাধারণ কোনও একক সিনেমা নয়,মোট চারটি আলাদা সিনেমা তৈরি হবে, যেখানে ব্যান্ডের চার সদস্যের জীবন, খ্যাতি, ব্যক্তিগত সম্পর্ক এবং সঙ্গীতযাত্রা আলাদা দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হবে। এই বড় আয়োজন পরিচালনা করছেন অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক স্যাম মেন্ডেস।প্রযোজনার দায়িত্বে রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা সোনি পিকচারস।
পণ্ডিত রবি শঙ্করের উপস্থিতি এই গল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিটলসের সদস্য জর্জ হ্যারিসনের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক ছিল। রবি শঙ্করের কাছ থেকে সেতার শেখার পর জর্জ হ্যারিসন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি আকৃষ্ট হন। ফলে বিটলসের একাধিক গানে ভারতীয় বাদ্যযন্ত্র ও সুরের প্রভাব দেখা যায়। ষাটের দশকে এই সাংস্কৃতিক মেলবন্ধন পশ্চিমি সঙ্গীতে এক নতুন ধারা তৈরি করেছিল।
ফারহান আখতারের জন্য এই চরিত্রটি নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। পন্ডিত রবি শঙ্কর শুধু একজন সঙ্গীতশিল্পী নন, তিনি ভারতীয় সংস্কৃতির এক বিশ্বদূত। তাঁর ব্যক্তিত্ব, সঙ্গীতের গভীরতা এবং আন্তর্জাতিক প্রভাবকে বিশ্বাসযোগ্যভাবে পর্দায় তুলে ধরা সহজ কাজ নয়। তবে ফারহানের মতো অভিনেতা সেই চ্যালেঞ্জে সাফল্য পাবেন বলে আশাবাদী সিনেপ্রেমীরা।
