মাইকেল জ্যাকসনের মতো কিংবদন্তিকে নিয়ে তৈরি বায়োপিক মুক্তি পেতেই শুরু হয়েছে বিতর্ক। একদিকে সমালোচকদের ‘নেতিবাচক’ রায়, আর অন্যদিকে দর্শকপ্রিয়তা ও বক্স অফিসের জয়জয়কার। এই বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন বলিউড কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান। সমালোচকদের তোয়াক্কা না করে তিনি যেভাবে এই সিনেমার সমর্থনে দাঁড়িয়েছেন, তা এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে।

 

 

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে তৈরি বায়োপিক ‘মাইকেল’ মুক্তি পেয়েছে ২৩ এপ্রিল। বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার পর থেকেই সমালোচকদের কাছ থেকে ছবিটি পেয়েছে মিশ্র থেকে নেতিবাচক প্রতিক্রিয়া। কিন্তু সমালোচকদের সেই রটনাকে বুড়ো আঙুল দেখিয়ে ময়দানে নেমেছেন বলিউডের তারকা পরিচালক ফারাহ খান। তিনি কেবল ছবিটির প্রশংসাই করেননি, বরং সমালোচকদের উদ্দেশে ব্যবহার করেছেন কড়া শব্দ।


নিজের ইনস্টাগ্রামে মাইকেল জ্যাকসনের সঙ্গে একটি পুরোনো ছবি পোস্ট করে ফারাহ লিখেছেন, “একটা কথা মনে রাখা দরকার… সব দেশের সমালোচকরাই গাধা! দয়া করে হলে গিয়ে ‘মাইকেল’ দেখুন!! আর কেউ দয়া করে আগামী বছর জাফর জ্যাকসন-কে অস্কারটা দিন!” এখানেই থেমে থাকেননি তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে আরও যোগ করেন, “এই সিনেমাটি আমাদের ভক্তদের জন্য, সমালোচকদের জন্য নয়। মাইকেলকে খুব ভালবাসি।”

 

 

ফারাহর এই পোস্টকে সমর্থন জানিয়েছেন অনেকেই। ওয়ারদা খান কমেন্ট করেছেন, “একেবারেই তাই, জেজে (জাফর জ্যাকসন) নিশ্চিতভাবেই অস্কার পাওয়ার যোগ্য।”

সমালোচকরা নাকচ করলেও, বক্স অফিসে কিন্তু ছবিটির জয়জয়কার। বিশ্বজুড়ে প্রিভিউসহ প্রায় ৩০ মিলিয়ন ডলার আয় করেছে ছবিটি। ভারতেও এর সূচনা হয়েছে দুর্দান্ত। প্রিভিউসহ ভারতের বাজারে প্রথম দিনেই ‘মাইকেল’ আয় করেছে প্রায় ৫.৫০ কোটি টাকা (নেট)। সবচেয়ে মজার ব্যাপার হলো, ভারতীয় বাজারে মুক্তি পাওয়া স্থানীয় ছবিগুলোকেও টেক্কা দিয়েছে এই আন্তর্জাতিক বায়োপিক। যেখানে ‘ভূত বাংলা’ আয় করেছে ৫.১৫ কোটি, ‘ধুরন্ধর ২’ করেছে ১.৬০ কোটি এবং ‘গিনি ওয়েডস সানি ২’ করেছে মাত্র ৩০ লক্ষ টাকা, সেখানে মাইকেল জ্যাকসনের জাদু ভারতীয় দর্শকদের হলে টানতে সফল হয়েছে।


ফারাহ খানের শেয়ার করা মাইকেল জ্যাকসনের সঙ্গে ছবিটি নেটপাড়ায় আলোড়ন তুলেছে। ছবিতে ফারাহকে দেখা যাচ্ছে মাইকেলের পাশে। একজন ভক্ত মন্তব্য করেছেন, “এক ফ্রেমে দুই কিংবদন্তি—পপ সম্রাট আর পরিচালকদের রানি।” আরেকজন লিখেছেন, “মাইকেল বেঁচে থাকলে হয়তো আপনার আর দিলীপের সঙ্গে রান্নাবান্নার কোনও শো করতেন!”