বলিউডের সুপারহিট ছবি 'ওম শান্তি ওম'-এর শুটিংয়ের এক অজানা গল্প ফাঁস করলেন পরিচালক ফারহা খান। ২০০৭ সালে এই ছবির মাধ্যমেই রুপালি পর্দায় অভিষেক হয় দীপিকা পাড়ুকোনের। তবে আজ দীপিকার যে 'স্টারডম', তার পিছনে ছিল ফারাহর কঠোর প্রশিক্ষণ ও কড়া নিয়ম।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারহা জানান, দীপিকাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাননি তিনি। নতুন মুখ হিসেবে তাঁকে ক্যামেরার সামনে আনার আগে টানা ৩-৪ মাস অনুপম খেরের অ্যাক্টিং স্কুলে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই সঙ্গে চলে কত্থক নাচ ও নিয়মিত লুক টেস্ট।
শুটিং শুরুর প্রথম ১০ দিন নাকি ফারহা দীপিকাকে ক্যামেরার সামনেই আসতে দেননি। বরং তাঁকে শুধু সেটে বসে থাকতে বলেছিলেন। ফারাহর মতে, এটা ছিল দীপিকার জন্য এক ধরনের ‘ফিল্ড ট্রেনিং’।
ফারহা বলেন, "আমি ওকে বলেছিলাম, প্রথম দশ দিন শুধু সেটে এসে বসো। দেখো শাহরুখ খান, শ্রেয়স তলপড়েরা কীভাবে কাজ করছেন। অভিনয়ের খুঁটিনাটি শেখার জন্যই ওকে এটা বলেছিলাম।"
এরপর থেকে শাহরুখ-দীপিকা জুটি একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। বর্তমানে পরিচালক সিদ্ধার্থ আনন্দের 'কিং'-এর মাধ্যমে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন এই জনপ্রিয় জুটি। এর মাঝেই 'ওম শান্তি ওম'-এর অজানা গল্প ও দীপিকাকে নিয়ে করা ফারাহর মন্তব্য নতুন করে ভাইরাল নেটপাড়ায়।
প্রসঙ্গত, দীপিকা পাড়ুকোন বর্তমানে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা। এর মধ্যেও 'কিং'-এর শুটিং করছেন তিনি। কয়েকদিন আগেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল দীপিকা ও শাহরুখের শুটিংয়ের মুহূর্ত।
















