বলিউডের বক্স অফিস কাঁপানো ছবি 'ম্যা হুঁ না'-র নাকি সিক্যুয়েল আসছে! দীর্ঘদিন ধরে বলিপাড়ায় শোনা যাচ্ছে এই খবর। ফারাহ খান ফের এই ফ্র্যাঞ্চাইজিতে পরিচালক হিসেবে ফিরতে চলেছেন, সঙ্গে ডাবল রোলে থাকছেন শাহরুখ। যা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনায় ফুটছে অনুরাগীমহল। কিন্তু সত্যি কি 'ম্যা হুঁ না'র দ্বিতীয় পর্ব আসছে? অবশেষে সেই জল্পনায় মুখ খুললেন ফারাহ। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারাহ স্পষ্ট জানিয়েছেন, ‘ম্যা হুঁ না ২' তৈরি হচ্ছে না। এই ধরনের খবর সম্পূর্ণ গুজব এবং তাঁর কাছে এমন কোনও সিনেমার পরিকল্পনাই নেই। ফরাহর কথায়, “অনেক সময় সোশ্যাল মিডিয়ায় এমন কিছু খবর ছড়িয়ে পড়ে, যার সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক থাকে না।”

২০০৪ সালে ‘ম্যা হুঁ না'র হাত ধরে পরিচালনায় আসেন ফারাহ। অ্যাকশন থ্রিলার, কলেজ ক্যাম্পাস কমেডি, রোম্যান্স আর দেশপ্রেম -সবকিছুর নিখুঁতভাবে মেশানো ছিল এই ছবিতে। শাহরুখ ছাড়াও সুস্মিতা সেন, অমৃতা রাও ও জায়েদ খানের মতো বহু তারকার বক্সঅফিসে বিপুল আয় করেছিল। আজও এই সিনেমার গান, সংলাপ আর চরিত্র দর্শকদের মনে আলাদা জায়গা করে রেখেছে। আর এই জনপ্রিয়তার কারণেই বহু বছর ধরে দর্শকরা ছবির সিক্যুয়েলের দাবি জানিয়ে আসছিলেন। মাঝেমধ্যেই শোনা যেত, নতুন গল্প নিয়ে ফিরতে পারেন ফারাহ খান ও শাহরুখ খান। কেউ কেউ তো এমনও বলেছিলেন, পুরনো কাস্টের অনেককেই আবার দেখা যাবে। কিন্তু ফরাহ খান এবার পরিষ্কার করে জানিয়ে দিলেন, এই সব কথার কোনও সত্যতা নেই।

পরিচালকের মতে, আপাতত তিনি অন্য কাজ নিয়ে ব্যস্ত এবং ‘ম্যা হুঁ না' নিয়ে কোনও অফিসিয়াল আলোচনা বা কাজ শুরুই হয়নি। তাই দর্শকদের উচিত, গুজবে কান না দেওয়া। অন্যদিকে, শাহরুখ খানের বর্তমানে ‘কিং’ সহ আরও কিছু বড় প্রজেক্টে মন রয়েছে। তবে ফারাহ খান ও শাহরুখ খানের জুটি ভবিষ্যতে আবার কোনও নতুন ছবিতে ফিরবে কি না, সেই অপেক্ষাতে বলিউডপ্রেমীরা।