বলিউডের অন্যতম জনপ্রিয় কোরিওগ্রাফার এবং টেলিভিশন রিয়েলিটি শো-এর পরিচিত মুখ গীতা কাপুর, যিনি ইন্ডাস্ট্রির মানুষের কাছে অত্যন্ত  ‘গীতা মা’ নামেই  পরিচিত। সম্প্রতি ওঁর গোপন বিয়ের গুজব ছড়িয়ে পড়তেই নিজের ব্যক্তিগত জীবন এবং সিঙ্গলহুড নিয়ে এক অনন্য ও অনুপ্রেরণামূলক বার্তা দিলেন এই তারকা। ৫২ বছর বয়সেও অবিবাহিত থাকা গীতা স্পষ্ট জানিয়েছেন, বিয়ের জন্য তিনি কোনওদিন সামাজিক বা পারিবারিক চাপ অনুভব করেননি এবং ওঁর জীবনের সাফল্য কোনো বৈবাহিক সম্পর্কের ওপর নির্ভর করে না।


আজকের যুগে দাঁড়িয়েও সমাজ যেখানে একজন নারীর নির্দিষ্ট বয়সে বিয়ে করাকে জীবনের একমাত্র সাফল্য বলে মনে করে, সেখানে একেবারে উল্টো পথে হেঁটে নারী স্বাধীনতার এক চমৎকার উদাহরণ তৈরি করলেন গীতা। নিজের একাকীত্ব ও জীবন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “কোনও নারীর পরিচয় বা তাঁর অস্তিত্বের সার্থকতা ওঁর বৈবাহিক অবস্থা দিয়ে কখনও বিচার করা উচিত নয়। আমি নিজে আজ যে জীবনটা তৈরি করতে পেরেছি, তা নিয়ে আমি অত্যন্ত সুখী, তৃপ্ত এবং গর্বিত।”

গীতা কাপুর মনে করেন, নিজের ইচ্ছায় জীবনযাপন করা এবং নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়াই একজন নারীর আসল অলঙ্কার। তিনি সমাজের তৈরি করা ছকে পা না দিয়ে নিজের শর্তে বেঁচে থাকার এই সিদ্ধান্তকে উপভোগ করছেন।

 

বিয়ে না করলেও আজ ‘গীতা মা’ কোনও অংশে কম সুখী নন। ওঁর দীর্ঘ ও সফল কোরিওগ্রাফি কেরিয়ার, একের পর এক রিয়েলিটি শো-এর বিচারকের আসন এবং নিজস্ব মেধার জোরে তিনি আজ এক রাজকীয় সাম্রাজ্য গড়ে তুলেছেন। মুম্বইয়ের বুকে নিজস্ব বিলাসবহুল ফ্ল্যাট ও সম্পত্তি থেকে শুরু করে অগণিত ভক্তদের নিঃশর্ত ভালবাসা— আজ ওঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। নিজের কাজের প্রতি ওঁর এই সততা, আত্মবিশ্বাস এবং চরম স্বনির্ভরতা আজ দেশের লক্ষ লক্ষ তরুণীর কাছে এক মস্ত বড় অনুপ্রেরণা।

প্রসঙ্গত, ওঁর নামে ছড়িয়ে পড়া এক পুরনো গুজবের বিষয়েও মুখ খুলেছেন গীতা। নেটপাড়ায় প্রায়ই গুঞ্জন শোনা যায় যে, গীতা নাকি লোকচক্ষুর আড়ালে গোপনে বিয়ে সেরে নিয়েছেন। এই প্রসঙ্গে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে গীতা মা স্পষ্ট বলেন, “আমার নামে এই রটনা প্রায়ই ছড়ানো হয় যে আমি নাকি বিবাহিত এবং লুকিয়ে চুটিয়ে সংসার করছি। আমি সবাইকে পরিষ্কার জানিয়ে দিতে চাই— এই খবরের মধ্যে বিন্দুমাত্র কোনো সত্যতা নেই। এগুলো সব মিথ্যে আর ভিত্তিহীন গুজব। দয়া করে এই ধরনের কোনও কথায় কান দেবেন না।”


সম্প্রতি ৬ জুন, ২০২৬ থেকে সোনি টিভিতে শুরু হওয়া ‘ইন্ডিয়াজ বেস্ট ড্যান্সার সিজন ৫’ -এর বিচারকের আসনে করিশ্মা কাপুর, টেরেন্স লুইস এবং জাভেদ জাফরির সঙ্গে বসার পরই ওঁর এই ব্যক্তিগত জীবনের স্বাবলম্বী বয়ান নেটপাড়ায় তুমুল প্রশংসা কুড়োচ্ছে। নেটিজেনরা একবাক্যে স্বীকার করছেন— ‘গীতা মা’ সত্যিই একজন প্রকৃত আধুনিক ও স্বাধীনচেতা নারী।