আবারও ছাদনাতলায় যাচ্ছেন রাখি সাওয়ান্ত? আদিল খান দুরানি এবং রীতেশ সিংয়ের পর এবার কার গলায় মালা দিতে চলেছেন অভিনেত্রী? 

এদিন একটি খবর প্রকাশ্যে আসে যেখানে দাবি করা হয়েছে রাখি সাওয়ান্ত আবারও বিয়ে করতে চলেছেন। পাত্র কে? পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুলতানের ইসলামিক ধর্মগুরু আব্দুল কাভি। এছাড়া তিনি রাজনীতিতেও যোগ দিয়েছেন বছর ১৩ আগে। অতীতেও তিনি একাধিক আলটপকা মন্তব্য করেছেন। এবার যে খবর ভাইরাল হয়েছে তাতে দাবি করা হয়েছে, আব্দুল কাভি নাকি বলেছেন তিনি রাখি সাওয়ান্তকে বিয়ে করতে চলেছেন। কোথায়? দুবাইয়ে। 

আব্দুল কাভি জানিয়েছেন মধ্যপ্রাচ্যের অবস্থা একটু শান্ত হলেই তাঁরা সেখানে বিয়ে করবেন। সব নাকি ঠিক করা আছে। তবে অভিনেত্রীর তরফে এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। ফলে আব্দুল কাভির এই দাবি কতটা সত্য আর কতটা মিথ্যে সেটা স্পষ্ট নয়। আদৌ বিষয়টা ঘটে নাকি পুরোটাই জল্পনা সেটা সময় এলেই বোঝা যাবে। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, অতীতে রাখি সাওয়ান্ত দুটি বিয়ে করেছেন। তাঁর প্রথম স্বামী রীতেশ সিং। বিগ বস ১৫ এ তিনি রীতেশকে তাঁর স্বামী হিসেবে পরিচয় দেন। তবে পরবর্তীকালে জানা যায় তাঁদের বিয়েটাই বৈধ নয়, কারণ রীতেশ আগে থেকেই বিবাহিত ছিলেন। 

এরপর আদিল খান দুরানিকে বিয়ে করেন রাখি। ২০২২ সালে বিয়ে করেন, এরপর একে অন্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে ২০২৫ সালে তাঁরা আলাদা হয়ে যান। তৃতীয়বারের জন্য রাখি বিয়ের পিঁড়িতে বসেন কিনা সেটাই এখন দেখার।