পদ্মশ্রী সম্মানে সম্মানিত উত্তরবঙ্গের করিমুল হকের জীবন নিয়ে আসছে 'বাইক অ্যাম্বুলেন্স দাদা’। আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে এই ছবি। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর নিজের জন্মদিনে 'বাইক অ্যাম্বুলেন্স দাদা’র ঘোষণা করেন দেব। আর এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রাশিস রায়, টলিপাড়ার অন্দরের এমনই খবর।  

ইতিমধ্যে 'বাইক অ্যাম্বুলেন্স দাদা’কে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। বাংলার সিনেপ্রেমীরা মুখিয়ে রয়েছেন এই ছবিটির জন্য। সূত্রের খবর, এখানেই ইন্দ্রাশিসকে এক ধূসর চরিত্রে দেখা যাবে। গল্পের মোড়কে নানা শেডে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই চরিত্রের। যদিও তা ইতিবাচক নাকি নেতিবাচক, তা স্পষ্ট নয়। তবে এই ধরনের চরিত্রে অভিনেতাকে এর আগে খুব একটা দেখা যায়নি। এর আগে দেবের সঙ্গে 'গোলন্দাজ'-এ অভিনয় করেছেন ইন্দ্রাশিস। 

ছোটপর্দা থেকে বড়পর্দা কিংবা ওটিটি, সবেতেই সাবলীল ইন্দ্রাশিস। বরাবরই ছক ভেঙেছেন তিনি। নায়ক থেকে খলনায়ক, দর্শকমহলে অভিনয়ের প্রশংসা কুড়িয়েছেন। এর আগে ছোটপর্দায় এক বছরের বিরতির পর জি বাংলা সোনারে ‘শ্রীমান ভগবান দাস’-এ অভিনয় করেন তিনি। এছাড়াও বড়পর্দা কিংবা সিরিজের কাজ তো চলছিলই। আগামী দিনে তাঁকে কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী ২’-তেও দেখা যাবে। 


সঠিক সময়ে অ্যাম্বুল্যান্স না পাওয়ায় বিনা চিকিৎসায় মারা যান করিমুলের মা। তারপর থেকে তিনি নিজের বাইককে ‘অ্যাম্বুল্যান্স’ বানিয়ে বিনামূল্যে গ্রামের দরিদ্র অসুস্থদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন। 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' ছবিটিতে উঠে আসবে উত্তরবঙ্গের সেই করিমুল হকের জীবনী। ছবিটির পরিচালনা করবেন বিনয় মুদগিল।  দেবের ৫০তম এই ছবিতে জুটিতে থাকছেন রুক্মিণী। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে। ইতিমধ্যে শুটিং শেষ। এই ছবিটি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং নন্দী মুভিজের তরফে প্রযোজনা করা হবে। প্রদীপ কুমার নন্দী, গুরুপদ অধিকারী, দেব অধিকারী নিবেদনা করবেন ছবিটির।