টলিউডে একের পর এক খারাপ খবর। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কদিনের মাথাতেই হঠাৎ জানা যায় উৎসব মুখোপাধ্যায় নিখোঁজ। এখনও তাঁর খোঁজ পাওয়া যায়নি। এবার জানা যাচ্ছে সিনেমাটোগ্রাফার সৃজন বিশ্বাসও নিখোঁজ!
গত ৯ এপ্রিল থেকে সৃজন বিশ্বাসের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। কী ঘটেছে তাঁর সঙ্গে, বর্তমানে কী আপডেট সবটা জানতেই আজকাল ডট ইনের তরফে সিনেমাটোগ্রাফার দেবরাজ নাইয়ার সঙ্গে যোগাযোগ করা হয়।
দেবরাজ এদিন সৃজনের নিখোঁজ হওয়ার বিষয়ে বলেন, "আমি কাজের জায়গাতেই ছিলাম। তখন দুপুরে আমার কাছে ফোন আসে। কালকের থেকে ওকে পাওয়া যাচ্ছে না।" বিস্তারিত জানিয়ে তিনি আরও বলেন, "কাল সন্ধ্যার পর থেকে পাওয়া যাচ্ছে না। বাড়ি থেকে সাধারণ ভাবেই বেরিয়েছিল। টাকা পয়সা খুব একটা নিয়ে বেরোয়নি।"
এরপরই দেবরাজ একটি বিস্ফোরক তথ্য দিলেন। বলেন, "ওর ফোন বন্ধ, ফোনে পাওয়া যাচ্ছে না এমনটাই শোনা যাচ্ছিল। আমি কিছুক্ষণ আগে চেষ্টা করলাম ব্যস্ত বলল। তার আগে একবার ফোন রিংও হয়েছে। সঠিক কী ঘটেছে, এখনও জানি না। ওর বাড়ির লোকের সঙ্গে আমার আলাপ নেই, কথা হয়নি।"
প্রায় ২৪ ঘণ্ট কাটতে চলল সৃজন নিখোঁজ হওয়ার পর। অভিযোগ জানানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "পুলিশে অভিযোগ জানানো হয়েছে। সবটাই খুব ভায়া হয়ে আসছে, ফলে স্পষ্ট নয়। আমরাও খুবই চিন্তিত।"
আগে উৎসব মুখোপাধ্যায়, তারপর এখন সৃজন বিশ্বাস। টলিউডে একের পর এক এমন নিখোঁজ হওয়ার ঘটনা কি উদ্বেগ বাড়াচ্ছে? নেপথ্যে কোন কারণ? দেবরাজ বলেন, "খবরটা পাওয়ার পর থেকেই অস্থির হয়ে আছি। আমাদের যে খুব যোগাযোগ ছিল সেটা নয়। দেখা হলে, কথা হলে কাজের কথাই হয়। সপ্তাহখানেক আগে ফেসবুকে কিছু একটা পাঠাল। তারপর আর কথা হয়নি।"
প্রসঙ্গত, সৃজনের আগে অনীক দত্তের বরুণবাবুর বন্ধু’, ‘ভবিষ্যতের ভূত’-এর মতো বহুল আলোচিত ছবির অন্যতম চিত্র্যনাট্যকার-পরিচালক উৎসব মুখার্জি গত বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ। ব্যাঙ্কের কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেননি তিনি। বাড়ি থেকে দুপুরবেলা ব্যাঙ্কের কাজে যাবার জন্য বেরিয়েছিলেন উৎসব। তারপর থেকেই আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। আনন্দপুর থানায় 'মিসিং ডায়রি' করেছেন পরিচালকের স্ত্রী মৌপিয়া ব্যানার্জি। তাঁকে না পাওয়ার বিষয়ে আজকাল ডট ইন-কে মৌপিয়া বলেন, "আমি সবটাই পুলিশের উপরে ছেড়ে দিয়েছি। ওঁরা তদন্ত করছেন, করুক। আমি আশা ছাড়িনি। এখনও পর্যন্ত কোনও বা নতুন তথ্য খোঁজ পাইনি। শুধু মনে বোঝাচ্ছি খারাপ কিছু যেন না হয়। মাথা কাজ করছে না আর।"
















