আমির খান প্রোডাকশনসের ব্যানারে আসছে আমির-পুত্রের আগামী ছবি ‘এক দিন’ । সাই পল্লবী এবং জুনায়েদ খানের এই জুটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। ১ মে মুক্তি পেতে চলা এই ছবির ট্রেলার অবশেষে সামনে এল, যা দর্শকদের এক স্নিগ্ধ প্রেমের গল্পের স্বাদ দেবে।

 

 

মুম্বইয়ের কর্পোরেট অফিস থেকে জাপানের মনোরম রাস্তা—এক অদ্ভুত অসুখ আর অটুট ভালবাসার গল্প নিয়ে হাজির হল ‘এক দিন’-এর ট্রেলার। আমির খানের পুত্র জুনায়েদ খান এবং দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর এই ছবি যে বলিউডে হারিয়ে যাওয়া রোম্যান্সের ঘরানাকে আবারও ফিরিয়ে আনবে, তার ইঙ্গিত মিলল ট্রেলারেই। আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।

ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, জুনায়েদ একজন লাজুক ও শান্ত স্বভাবের যুবক, যে একই অফিসে কর্মরত প্রাণচঞ্চল সাই পল্লবীকে মনে মনে ভালবাসে। কিন্তু মনের কথা বলার সাহস তাঁর নেই। গল্পের মোড় ঘোরে জাপানে গিয়ে। সেখানে এক দুর্ঘটনায় সাই  ‘ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেসিয়া’ (TGA) নামক এক বিরল স্মৃতিভ্রমের শিকার হন। অদ্ভুতভাবে, তিনি শুধু জুনায়েদকেই চিনতে পারেন, কারণ জুনায়েদই তাঁর প্রাণ বাঁচিয়েছিলেন। এই জটিল পরিস্থিতি কীভাবে একটি গভীর প্রেমের রূপ নেবে, তা নিয়েই এগোবে ছবির গল্প।

‘এক দিন’ ছবির মাধ্যমে দীর্ঘ কয়েক দশক পর আবারও একসঙ্গে কাজ করছেন আমির খান এবং পরিচালক-প্রযোজক মনসুর খান। ‘কয়ামত সে কয়ামত তক’, ‘জো জিতা ওহি সিকান্দার’ বা ‘জানে তু... ইয়া জানে না’-র মতো কালজয়ী ছবি উপহার দেওয়া এই জুটি আবারও রোমান্টিক ঘরানায় ফেরায় সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। ছবিটি পরিচালনা করেছেন সুনীল পাণ্ডে।


আজকের দ্রুতগতির জীবনে ‘এক দিন’ এক স্নিগ্ধ প্রেমের বার্তা নিয়ে আসছে। ট্রেলারের প্রতিটি দৃশ্য জীবনের আশা আর জাদুর কথা বলে। সাই পল্লবীর বলিউডে ডেবিউ এবং জুনায়েদের শান্ত ব্যক্তিত্ব—সব মিলিয়ে ‘এক দিন’ হতে চলেছে এক বিরল সিনেম্যাটিক অভিজ্ঞতা, আশা নির্মাতাদের।