‘ডন ৩’ ছবি থেকে রণবীর সিংয়ের প্রস্থান এবং ফারহান আখতারের সঙ্গে তাঁর বিবাদ বলিউডের অন্যতম চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছিল। দীর্ঘ টালবাহানার পর অবশেষে সেই বিবাদ মেটাতে রণবীর সিং এক বড় পদক্ষেপ নিয়েছেন বলে খবর। শোনা যাচ্ছে, ‘ডন ৩’ র জন্য রণবীর তাঁর নেওয়া সাইনিং অ্যামাউন্ট যা প্রায় ১০ কোটি টাকা, তা ফেরত দিতে রাজি হয়েছেন।

 

বলিউডের অলিতে-গলিতে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল ফারহান আখতারের ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’ এবং রণবীর সিংয়ের মধ্যে ঠান্ডা যুদ্ধের খবর। ‘ডন ৩’ থেকে রণবীরের আচমকা বেরিয়ে যাওয়া নিয়ে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক। তবে নতুন খবর, এই বিতর্ক থেকে বেরিয়ে আসতে রণবীর সিং এক বড়সড় পদক্ষেপ নিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, অভিনেতা তাঁর সাইনিং অ্যামাউন্টের ১০ কোটি টাকা ফেরত দেওয়ার সম্মতি দিয়েছেন।

 

শুধু ১০ কোটি টাকাই নয়, শোনা যাচ্ছে রণবীর তাঁর পরবর্তী ছবি ‘প্রলয়’ -এর লভ্যাংশ বা ‘স্টেক’ ফারহানের এক্সেল এন্টারটেইনমেন্টকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে কত শতাংশ শেয়ার দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও জানা যায়নি। উল্লেখ্য, এই বিষয়ে রণবীর সিং বা ফারহান আখতার—কেউই এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

 

কেন হয়েছিল ফারহান এবং রণবীরের মধ্যে বিবাদ? এই ঝামেলার সূত্রপাত হয়েছিল রণবীরের ‘ডন ৩’ থেকে সরে আসাকে কেন্দ্র করে। ফারহানের প্রযোজনা সংস্থা দাবি করেছিল, রণবীরের অনুমোদনেই ডন ৩ র প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছিল। কিন্তু তিনি বেরিয়ে যাওয়ায় শিডিউল পরিবর্তন এবং ক্ষতি মিলিয়ে সংস্থার প্রায় ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে। সেই ক্ষতিপূরণের দাবি করেছিল এক্সেল এন্টারটেইনমেন্ট।

 

অন্যদিকে, রণবীর সিং জানিয়েছিলেন, ‘ডন ৩’র চিত্রনাট্য নিয়ে অসন্তুষ্টি, পোক্ত ও সম্পূর্ণ চিত্রনাট্যের  অভাব এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের সমস্যা থেকেই তিনি সরে আসার সিদ্ধান্ত নেন।

 

ফারহান এবং রণবীরের মধ্যে এই বিবাদ বাড়লে ভারতের প্রোডিউসার্স গিল্ড (প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া) হস্তক্ষেপ করেছিল বলে শোনা গিয়েছিল।কিছুদিন আগে শোনা গিয়েছিল, রণবীর এবং ফারহানের বিবাদ মেটাতে নাকি আমির খান মধ্যস্থতা করেছিলেন। তবে পরে আমির খান সাফ জানিয়েছিলেন এই বিতর্কের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।

 

এখনও পর্যন্ত ‘ডন ৩’ নিয়ে ধোঁয়াশা কাটেনি। ছবিতে নামভূমিকায় ফারহান আখতার নিজে অভিনয় করবেন কি না, বা অন্য কোনও তারকা  আসবেন—তা নিয়ে চর্চা অব্যাহত। আপাতত সবাই অপেক্ষায় আনুষ্ঠানিক ঘোষণার।