সামনেই ঈদ। এই উৎসবে মুক্তি পাবে আফরান নিশো, চঞ্চল চৌধুরী অভিনীত ছবি ‘দম’।শেষমেশ রবিবারের দুপুরে প্রকাশ্যে এল মুক্তির অপেক্ষায় থাকা এই আলোচিত ছবির প্রথম ঝলক। আর তা সামনে আসতেই যেন আলোচনার আগুন জ্বলে উঠেছে দর্শকমহলে। কারণ নির্মাতাদের দাবি, ‘দম’ কেবল একটি সিনেমা নয়, বরং সত্যি ঘটনার অনুপ্রেরণায় গড়া মানবিক সাহসের এক শক্তিশালী উপাখ্যান। ছবির ট্যাগলাইনও সেই ইঙ্গিতই দেয় – ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই’। মাত্র ৫৪ সেকেন্ডের এই টিজারেই তৈরি হয়েছে রহস্য, উত্তেজনা আর ছবি জুড়ে বেঁচে থাকার লড়াই ঘিরে তীব্র কৌতূহল।

৮ মার্চ দুপুর ১টায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এই ঝলকে প্রথমবার সামনে আসে ছবির তিন গুরুত্বপূর্ণ চরিত্র—আফরান নিশো, চঞ্চল চৌধুরী এবং পূজা চেরি-র লুক। সূর্যোদয়ের আলোয় মোড়া পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য দিয়ে শুরু হলেও মুহূর্তের মধ্যেই সেই শান্ত পরিবেশ বদলে যায় অস্বস্তি আর বিপদের ইঙ্গিতে।

টিজারের দৃশ্যগুলোতে দেখা যায়, ক্লান্তি, অত্যাচারে আর উদ্বেগে জর্জরিত আফরান নিশো। অন্যদিকে পূজা চেরি-র মুখে স্পষ্ট ভয় ও অনিশ্চয়তার ছাপ। আর চঞ্চল চৌধুরীকে দেখা যায় বিস্ময় আর আতঙ্কে দিশেহারা। সব মিলিয়ে দৃশ্যগুলো যেন একের পর এক প্রশ্ন ছুড়ে দেয়—কে পালাচ্ছে? কথা থেকে পালাচ্ছে? কে তাড়া করছে? আর শেষ পর্যন্ত কে বাঁচবে?
এই সংক্ষিপ্ত টিজারে মাত্র একটি সংলাপ শোনা যায়, সেটিও শেষে। আফরান নিশো বলেন, “আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলিম, মনে রাখিস।” এই একটি সংলাপই ছবিকে ঘিরে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে দর্শকদের মধ্যে।
ছবির পরিচালক রেদওয়ান রনি জানান, এখন থেকে এই ছবির উপর সমস্ত অধিকার দর্শকের। তাঁর আশা, ছবিটি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে। পরিচালকের কথায়, " দম-এর টিজারে কেবল গল্পের ক্ষুদ্র একটি অংশই দেখানো হয়েছে। ছবিটির শুটিং হয়েছে এমন কিছু দুর্গম জায়গায়, যা বাংলাদেশের চলচ্চিত্রে খুব কমই দেখা গেছে।"

এই ছবিতে আফরান নিশো অভিনয় করছেন শাহজাহান ইসলাম নূর চরিত্রে। অভিনেতার মতে, এটি মূলত একটি সারভাইভাল গল্প, যেখানে শক্তিশালী আবেগও জড়িয়ে আছে। এমন একটি প্রকল্প বাস্তবায়ন করতে সাহস ও দলগত প্রচেষ্টার প্রয়োজন হয় বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে পূজা চেরি অভিনয় করছেন ‘রানি’ চরিত্রে। অভিনেত্রীর কথায়, এই চরিত্রটি দৃঢ়চেতা এবং বহুস্তরীয়। টিজারে তার উপস্থিতির কেবল আভাস মিললেও নূরের গল্পে রানির প্রকৃত প্রভাব ধীরে ধীরে সামনে আসবে ছবিতে।

ছবিটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-ই এন্টারটেইনমেন্ট এবং চরকি। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার সাকিল জানান, বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি এই ছবির পরিকল্পনা শুরু হয়েছিল প্রায় আড়াই বছর আগে। তাঁর মতে, ‘দম’-এর মাধ্যমে বাংলাদেশের সিনেমার ভিজ্যুয়াল উপস্থাপনায় নতুন মাত্রা যোগ করার চেষ্টা করা হয়েছে।
দম ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক রেদোয়ান রনি-র পাশাপাশি সৈয়দ আহমেদ শওকি, অল-আমিন হাসান নির্ঝর, মহম্মদ সইফুল্লা রিয়াদ এবং রবিবুল আলম রবি।সব মিলিয়ে ছবির টিজারের সংক্ষিপ্ত ঝলকই ইঙ্গিত দিচ্ছে, এবারের ঈদে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক রহস্যে মোড়া, তীব্র আবেগ আর বাঁচার মরিয়া লড়াইয়ের গল্প।
