গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খান। মঙ্গলবার ৯০ বছরের প্রবীণ ব্যক্তিত্বের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়ায়। মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল-এর আইসিইউতে রাখা হয়েছে সলমন খানের বাবাকে। শোনা গিয়েছিল, সেলিম খানের অবস্থার বিশেষ উন্নতি হয়নি। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে জটিলতা বেড়েছে। বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। আজ বুধবার তাঁর অস্ত্রোপচার হওয়ার খবরও শোনা গিয়েছিল।
তবে এদিন সদ্য চিকিৎসকরা জানালেন, সামান্য মস্তিষ্কে রক্তক্ষরণের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে তড়িঘড়ি ভেন্টিলেটরে রাখা হয়েছে। বয়স ৯০ হওয়ায় বর্ষীয়ান চিত্রনাট্যকারের শারীরিক অবস্থার উপর বিশেষ নজর রাখা হচ্ছে।
মঙ্গলবার সকালে শরীরে ফোলাভাব ও অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। প্রাথমিকভাবে একটি নির্ধারিত চিকিৎসা পদ্ধতি করার কথা থাকলেও রক্তক্ষরণের মাত্রা বিবেচনা করে তা আপাতত স্থগিত রাখা হয়। চিকিৎসকদের মতে, তিনি স্থিতিশীল আছেন এবং ধীরে ধীরে সেরে উঠছেন।
সেলিম খানের চিকিৎসক জলিল পারকার জানান, তাঁর উপর যে ডিজিটাল সাবস্ট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি (DSA) করা হয়েছে, সেটি অস্ত্রোপচার নয় বরং পরীক্ষামূলক প্রক্রিয়া। উচ্চ রক্তচাপ থাকায় সতর্কতার জন্যই তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। চিকিৎসকদের আশা, সব ঠিক থাকলে শিগগিরই তাঁকে ভেন্টিলেটর থেকে সরানো হতে পারে।
খবর ছড়িয়ে পড়তেই বলিউড মহলে উদ্বেগ ছড়ায়। সেলিম খানের সুস্থতা কামনায় হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন পরিবার ও ঘনিষ্ঠরা। কবি-গীতিকার-চিত্রনাট্যকার জাভেদ আখতার দু’বার হাসপাতালে গিয়ে তাঁর খোঁজ নেন। একসময় সেলিম-জাভেদ জুটি বলিউডে ইতিহাস গড়েছিল। এই জুটির লেখা ‘শোলে’, ‘জঞ্জির’, ‘দিওয়ার’, ‘ত্রিশূল’, ‘শক্তি’ ও ‘মিঃ ইন্ডিয়া’-এর মতো সব ছবি আজও ভারতীয় সিনেমার ক্লাসিক হিসেবে বিবেচিত।
পরিবারের সদস্যরাও হাসপাতালে উপস্থিত রয়েছেন। সলমন খান, তাঁর বোন আলভিরা, ভগ্নিপতি আয়ুশ শর্মা, ভাই আরবাজ খান এবং নাতি-নাতনিরা পাশে রয়েছেন। পরিবারের ঘনিষ্ঠ বন্ধু তথা বলি তারকা সঞ্জয় দত্ত-ও রাতে হাসপাতালে গিয়ে দেখা করেন।
&t=313s
প্রসঙ্গত, বলিউডের অন্যতম প্রভাবশালী গল্পকার হিসেবে সেলিম খানের অবদান অনস্বীকার্য। তাঁর লেখা চরিত্র, সংলাপ ও কাহিনি ভারতীয় মূলধারার সিনেমাকে নতুন ভাষা দিয়েছিল। তাই তাঁর অসুস্থতার খবর শুধু পরিবারের নয়, গোটা চলচ্চিত্রজগতের কাছেই উদ্বেগের।
এখন সকলের একটাই প্রার্থনা -বলিউডের এই কিংবদন্তি দ্রুত সুস্থ হয়ে উঠুন।
