বক্স অফিসে ভাল সাড়া ফেলছে ‘ও রোমিও’। দর্শকদের মুখে মুখে ছড়িয়ে পড়ছে ছবির প্রশংসা। তবে প্রেক্ষাগৃহে গিয়ে অনেকেই চমকে গিয়েছেন যখন ছবির শুরুতেই ভেসে ওঠে আমির খানের নাম। অনেকে ভেবেছিলেন, হয়তো ছবিতে তাঁর ক্যামিও রয়েছে। কিন্তু বাস্তবে তিনি ছবিতে নেইআর সেখান থেকেই শুরু হয় কৌতূহল।
পরিচালক বিশাল ভরদ্বাজ নিজেই জানিয়েছেন, অমিতাভ নয়, আমিরের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এ ছবিতে। তাঁর কথায়, আমির চিত্রনাট্য শুনে পরামর্শ দিয়েছিলেন যে ছবির একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে কাউকে হত্যা করা উচিত।
পরিচালক জানান, ‘ও রোমিও’ ছবিতে রেস্তোরাঁয় আইনজীবী আনজুম আনসারিকে হত্যা করার আইডিয়াটিই ছিল আমিরের। আর সেই ঘটনাই গল্পের মোড় ঘুরিয়ে দেয়। ওই মুহূর্ত থেকেই নায়ক উস্তরা (শাহিদ কাপুর) আফশান চরিত্রটির (তৃপ্তি দিমরি) দিকে আকৃষ্ট হয় এবং তাদের প্রেম শুরু হয়। বিশালের কথায়, এই প্লট পয়েন্টটাই ছবির আবেগের ভিত গড়ে দেয়, তাই তিনি আমিরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রকাশ্যে।
ছবিতে শাহিদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন নানা পটেকর ও অবিনাশ তিওয়ারি। বিশেষ উপস্থিতিতে দেখা যায় বিক্রান্ত ম্যাসি, তামন্না ভাটিয়া ও দিশা পটানি-কে। ছবিটির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।
এদিকে কাজের দিক থেকে বেশ ব্যস্ত আমির খান। গত বছরই তাঁর ছবি সিতারে জমিন পর বক্স অফিসে সফলতা পেয়েছিল, পাশাপাশি রজনীকান্ত অভিনীত কুলি ছবিতেও দেখা গিয়েছিল তাঁর একটি চমকপ্রদ ক্যামিও। এখন তিনি প্রস্তুতি নিচ্ছেন লাহোর ১৯৪৭ ছবির জন্য। এই পার্টিশন-ভিত্তিক ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সানি দেওল ও প্রীতি জিন্টা, আর শোনা যাচ্ছে আমির নিজেও থাকবেন একটি দীর্ঘ ক্যামিওতে। ছবিটি পরিচালনা করছেন রাজকুমার সন্তোষী এবং অভিনয়ে থাকছেন আলি ফজল, শাবানা আজমি সহ আরও অনেকে।
&t=313s
সম্প্রতি আমির খান প্রোডাকশনস ঘোষণা করেছে, ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১৩ আগস্ট।
তার আগে প্রযোজনা সংস্থাটি আনছে আরেকটি ছবি – ‘এক দিন’, যা মুক্তি পাবে ১ মে। ছবিতে অভিনয় করছেন জুনায়েদ খান এবং এই ছবির মাধ্যমেই হিন্দি সিনেমায় অভিষেক হতে চলেছে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাই পলবী-র।
