২৩ দিন ধরে নিখোঁজ ছিলেন পরিচালক উৎসব মুখার্জি। পুলিশি সাহায্য নিলেও এতদিন কোনও খোঁজ মিলছিল না তাঁর। তবে এবার স্ত্রী মৌপিয়া ব্যানার্জি খোঁজ দিলেন তাঁর। রবিবার সমাজমাধ্যমে পরিচালকের স্ত্রী মৌপিয়া ব্যানার্জি লেখেন, 'উৎসবের খোঁজ পাওয়া গিয়েছে। ও এখন কলকাতার বাইরে একজন বন্ধুর সঙ্গে আছে। আমি ওকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সেখানেই যাচ্ছি। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু আমার জানা নেই। আমাকে দয়া করে কিছুটা সময় দিন। বিস্তারিত জানতে পারলেই আমি আপনাদের সব জানাব। যাঁরা এই কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সাহায্য করেছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন, তাঁদের প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।'

আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল মৌপিয়ার সঙ্গে। তিনি জানান, রবিবার সকালেই আনন্দপুর থানা থেকে ফোন আসে তাঁর কাছে। পুলিশ তাঁকে থানায় ডেকে পাঠান। মৌপিয়া বলেন, "থানা থেকে ফোন আসার পর ভেবেছিলাম যে সাইবার ক্রাইম নিয়ে কথাবার্তা বলছি বলে হয়তো সেটা নিয়েই ওঁরা কিছু বলবেন। কিন্তু রাস্তায় যেতে যেতেই এক পরিচিতের ফোন পাই। তিনি জানান, গতকাল রাতে উৎসব তাঁর বাড়িতে এসেছে। কথাটা শুনে প্রথমে চমকে গিয়েছিলাম। কথা বলার মতো অবস্থায় ছিলাম না।"

তিনি আরও বলেন, "এরপর তড়িঘড়ি থানায় যাই। গিয়ে জানতে পারি লালবাজার থেকে আগেই আনন্দপুর থানায় খবর এসেছে, তাই ওঁরা আমায় ডেকে পাঠিয়েছিলেন। উৎসবের সঙ্গে আমারও কথা হয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম ওকে আনতে আসব কিনা, জবাবে বলল আসতে। আসলে এখন আমাদের সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। তাই সাবধানে যা করার করতে হবে। এর থেকে বেশি ওর সঙ্গে ফোনে কথা হয়নি। এখন প্রথমে লালবাজারে যাব, তারপর ট্রেনের টিকিট কাটতে হবে উৎসবের কাছে যেতে হলে। একাই করছি তো সবটা, তাই একটু ঘাবড়ে আছি।"

গত ২ এপ্রিল, বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন উৎসব মুখার্জি। ব্যাঙ্কের কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেননি তিনি। বাড়ি থেকে দুপুরবেলা ব্যাঙ্কের কাজে যাবার জন্য বেরিয়েছিলেন উৎসব। তারপর থেকেই আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। আনন্দপুর থানায় 'মিসিং ডায়রি' করেছিলেন পরিচালকের স্ত্রী মৌপিয়া ব্যানার্জি। পরিচালকের খোঁজ মিললেও কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি, কেন এতদিন নিখোঁজ ছিলেন তিনি।