২৩ দিন ধরে নিখোঁজ ছিলেন পরিচালক উৎসব মুখার্জি। পুলিশি সাহায্য নিলেও এতদিন কোনও খোঁজ মিলছিল না তাঁর। তবে গত রবিবার স্ত্রী মৌপিয়া ব্যানার্জি সমাজমাধ্যমে খোঁজ দিয়েছিলেন তাঁর। এবার নিজেই সমাজমাধ্যমে মুখ খুললেন উৎসব। নিখোঁজ হওয়া এবং তাঁর খোঁজ মেলার পর এটাই প্রথম পোস্ট পরিচালকের।
উৎসব মুখার্জি লেখেন, 'নমস্কার, আমি উৎসব। এই মুহূর্তে আমার স্ত্রীর সঙ্গে দিল্লিতে আছি এবং আমরা দু'জনেই ভাল আছি। আমি জানি গত কয়েকদিন আপনারা আমাদের নিয়ে ভীষণ চিন্তায় ছিলেন। আপনাদের এই উদ্বেগের জন্য আমি সত্যি কৃতজ্ঞ। তবে একটা কথা বলতে চাই—কাউকে দুশ্চিন্তায় ফেলা বা এমন পরিস্থিতি তৈরি করা আমার উদ্দেশ্য ছিল না। আসলে জীবন অনেক সময় অপ্রত্যাশিত মোড় নেয়। আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত।'
উৎসব আরও লেখেন, 'এই মুহূর্তে আমার আর মৌপিয়ার নিজেদের জন্য কিছুটা একান্ত সময়ের প্রয়োজন। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের এইটুকু ব্যক্তিগত পরিসর দিয়ে সাহায্য করুন। আমি কথা দিচ্ছি, কলকাতায় ফিরে আমি নিজে আপনাদের সবার সঙ্গে যোগাযোগ করব। আমার আর আমার স্ত্রীর প্রতি আপনাদের এই ভালবাসা এবং সমর্থন দেখে আমি সত্যিই অভিভূত। আমাদের গতকালের এই ছবিটা শেয়ার করলাম। আপনাদের আশীর্বাদ আর শুভকামনা আমাদের সঙ্গে থাকুক। ধন্যবাদ।'
ঠিক কী কারণে বাড়ি থেকে বেরিয়ে ২৩ দিন ধরে আর ফেরেননি উৎসব তা যদিও এখনও পর্যন্ত খোলসা করেননি তিনি। তবে নিজের পোস্টে এক 'অপ্রত্যাশিত মোড়'-এর কথা উল্লেখ করেছেন তিনি। কিন্তু জীবনের সেই মোড়ে ঠিক কী ঘটেছিল তাঁর সঙ্গে, তা এখনও পর্যন্ত জানাননি।















