বলিউডে আবারও চর্চায় উঠে এসেছে জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শন এবং অভিনেতা কার্তিক আরিয়ানের সম্পর্ক। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়ে দিয়েছেন, এখন আর কার্তিক আরিয়ানের সঙ্গে কোনও নতুন ছবি করার পরিকল্পনা নেই। মূলত 'হাঙ্গামা ২'ঘিরে তৈরি হওয়া পুরনো একটি ঘটনার পর থেকেই এই দূরত্ব তৈরি হয়েছে।
প্রিয়দর্শন জানান, 'হাঙ্গামা ২' বানানোর সময় তিনি প্রথমে কয়েকজন জনপ্রিয় অভিনেতাকে ছবির গল্প শোনান। সেই তালিকায় ছিলেন কার্তিক আরিয়ান, আয়ুষ্মান খুরানা ও সিদ্ধার্থ মালহোত্রা। কিন্তু তাঁদের কেউই ছবিটি করতে আগ্রহ দেখাননি। শেষ পর্যন্ত তিনি নতুন অভিনেতা মিজান জাফরিকে নিয়ে ছবিটি তৈরি করেন।
প্রিয়দর্শনের মতে, অনেক সময় অভিনেতারা মনে করেন কোনও পরিচালক হয়তো আগের মতো আপডেট নন বা তাঁদের সঙ্গে কাজ করলে ঠিক মানাবে না। সেই কারণেই হয়তো তাঁরা ছবি করতে চাননি। তবে এই বিষয়টি নিয়ে তিনি কাউকে দোষ দিতে চান না বলেও জানান। কারণ একজন অভিনেতা যদি কোনও পরিচালকের ওপর ভরসা না করেন, তাহলে সেই ছবিতে কাজ করা ঠিক নয়।
প্রিয়দর্শন আরও বলেন, বলিউডে অনেক সময় অভিনেতাদের কাছে বারবার অনুরোধ করতে হয়। কিন্তু তিনি ব্যক্তিগতভাবে সেটা পছন্দ করেন না। তাঁর মতে, যে অভিনেতা পরিচালককে বিশ্বাস করে এবং কাজ করতে আগ্রহী, তার সঙ্গেই কাজ করা ভাল।
তবে তিনি এটাও স্পষ্ট করেন যে কার্তিক আরিয়ানের বিরুদ্ধে তাঁর কোনও ব্যক্তিগত অভিযোগ নেই। বিষয়টা শুধু কাজের পছন্দ-অপছন্দের মধ্যে সীমাবদ্ধ। তাই ভবিষ্যতে নতুন কোনও ছবিতে কার্তিককে নেওয়ার পরিকল্পনা আপাতত নেই বলেই জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, প্রিয়দর্শন দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমায় কাজ করছেন এবং বহু জনপ্রিয় ছবি পরিচালনা করেছেন। তাঁর পরিচালিত ‘হেরা ফেরি’, ‘হুলচুল’, ‘ভুলভুলাইয়া’, ‘হাঙ্গামা’ সহ অনেক কমেডি ছবি দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। তবে একথা স্পষ্ট যে 'হাঙ্গামা ৩'-কে ঘিরে তৈরি হওয়া পুরনো ঘটনা কার্তিক ও প্রিয়দর্শনের মধ্যে দূরত্বের কারণ। যদিও বিষয়টি নিয়ে কোনও প্রকাশ্য দ্বন্দ্ব নেই, তবুও আপাতত প্রিয়দর্শনের নতুন ছবিতে কার্তিক আরিয়ানকে দেখা যাবে না বলেই খবর।
