শোকের ছায়া নামল পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকীর পরিবারে। হঠাৎই গত শুক্রবার প্রয়াত হলেন তাঁর স্ত্রী রিতা চাকী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৬ বছর। কিন্তু কীভাবে না ফেরার দেশে চলে গেলেন তিনি? খোঁজ নিতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল প্রেমেন্দু বিকাশ চাকীর সঙ্গে।
পরিচালক জানান, তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মারণ রোগের সঙ্গে লড়েছিলেন বহুদিন ধরেই। গত ১৩ জুলাই অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। কিন্তু শত চেষ্টা করেও শেষরক্ষা হয়নি আর। ২৪ জুলাই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। নিজের হাতেই স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করেছেন পরিচালক। এখন বাড়িতেই আছেন প্রেমেন্দু বিকাশ চাকী। স্ত্রী-বিয়োগ শুধু যন্ত্রণার নয়, তিনি হারিয়েছেন তাঁর দীর্ঘদিনের বন্ধুকেও। তাই ভেঙে পড়েছেন পরিচালক। তবে পরিস্থিতি এমনই যে, মন ভেঙে গেলেও শক্ত রাখতে হচ্ছে নিজেকে।
প্রসঙ্গত, প্রেমেন্দু বিকাশ চাকী একাধারে বিশিষ্ট পরিচালক, চিত্রনাট্যকার ও চিত্রগ্রাহক। বাংলা বিনোদন জগতে তাঁর দীর্ঘ ও সফল যাত্রা। তিনি মূলত তাঁর বহুমুখী প্রতিভার জন্য পরিচিত, যেখানে তিনি ছোট ও বড়পর্দার জন্য বিভিন্ন কাজ পরিচালনা করে দর্শকের মন জয় করেছেন। পরিচালনার পাশাপাশি তিনি একজন দক্ষ চিত্রগ্রাহক হিসেবেও বাংলা সিনেমা জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর পরিচালনায় অনেক জনপ্রিয় চলচ্চিত্র ও ধারাবাহিক রয়েছে, যা দর্শকদের মধ্যে দারুণ সাড়া জাগিয়েছে। সামাজিক পারিবারিক গল্প থেকে শুরু করে রোমান্টিক সবক্ষেত্রেই তিনি তাঁর মুন্সিয়ানা দেখিয়েছেন। তাঁর শেষ পরিচালিত ছবি হল 'আলাপ'। এই ছবিতে প্রেমেন্দু বিকাশ চাকীর পরিচালনায় জুটি বেঁধেছিলেন আবির চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী।
















