সম্প্রতি মুক্তি পাওয়া নিজের সোলো অ্যাকশন-ড্রামা ছবি ‘মা ইন্টি বাঙ্গারাম’ -এর তুমুল সাফল্যে এই মুহূর্তে বক্স অফিসে রীতিমতো রাজত্ব করছেন দক্ষিণ তথা ভারতের অন্যতম তারকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তবে শুধু সিনেমার ব্যবসাই নয়, ব্যক্তিগত জীবন এবং একটি সাম্প্রতিক মন্তব্যের জেরে বর্তমানে টিনসেল টাউনের সবচেয়ে বড় চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।

হায়দরাবাদে ছবির ‘সাকসেস মিট’-এ মিডিয়ার মুখোমুখি হয়ে সম্পর্ক এবং নারী স্বাধীনতা নিয়ে এমন কিছু কথা বললেন সামান্থা, যা শুনে নেটিজেনদের একাংশের দাবি— নাম না করে প্রাক্তন স্বামী নাগা চৈতন্য-র বর্তমান স্ত্রী শোভিতা ধুলিপালা-কেই পরোক্ষভাবে কটাক্ষ করলেন অভিনেত্রী!


অনুষ্ঠানে সম্পর্কের জটিলতা এবং নারীদের আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে গিয়ে সামান্থা বলেন, “কেরিয়ার এবং নিজের সম্পর্ক, দু'টোই আপনার নিজের হাতে থাকে। কিন্তু কিছু কিছু সময় সম্পর্ক বড্ড জটিল হয়ে যায় এবং সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকে না। একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে বা সফল করতে সবসময় দুজন মানুষের সমান প্রচেষ্টার প্রয়োজন হয়। তাই একজন নারী হিসেবে আমি যেটা বুঝেছি তা হল— নিজের ওপর ভরসা ও আত্মবিশ্বাস রাখাটা সবচেয়ে জরুরি। একজন মানুষকে নিজের ব্যক্তিসত্তায় সম্পূর্ণ হতে হবে।”

তিনি আরও যোগ করেন, “একটা সময়ে গিয়ে আপনি আপনার সঠিক মানুষটাকে ঠিকই খুঁজে পাবেন। কিন্তু আপনি যদি ভাবেন অন্য কেউ এসে আপনাকে ‘পূর্ণ’ করবে বা সেই মানুষটার জন্য অপেক্ষা করে বসে থাকেন, তবে কিন্তু সমস্যা বাড়বে। কারণ এর ফলে উল্টোদিকের মানুষটার ওপর প্রত্যাশার চাপ অনেক বেড়ে যায়, যা একেবারেই ঠিক নয়।”


সামান্থার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটপাড়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে। নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার করতে দেরি করেননি। কারণ ২০২৪ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিয়ের ভিডিওতে শোভিতা ধুলিপালা ঠিক এর উলটো সুর গেয়েছিলেন। শোভিতাকে বলতে শোনা গিয়েছিল, “কোনও মানুষ একা একা অপূর্ণ থাকে আর অন্য কেউ এসে তাঁর সেই শূন্যস্থান পূরণ করে দেয়— আমি এই তত্ত্বে বিশ্বাস করি না... কারণ আমার মনে হয় আমরা প্রত্যেকেই নিজেদের মতো করে সম্পূর্ণ। তা সত্ত্বেও, ওঁর (নাগা চৈতন্য) অনুপস্থিতিতে আমি কিন্তু নিজেকে পুরোপুরি ‘পূর্ণ’ বা সম্পূর্ণ মনে করতে পারব না।”

শোভিতার সেই ‘পার্টনার ছাড়া আমি অপূর্ণ’ মন্তব্যের জবাবেই কি আজ সামান্থা নিজের ব্যক্তিসত্তায় ‘সম্পূর্ণ’ হওয়ার পাঠ দিলেন? এই নিয়ে সমাজমাধ্যমে ফ্যানেদের মধ্যে তুমুল তরজা শুরু হয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালে নাগা চৈতন্যের সাথে সাত পাকে বাঁধা পড়ার পর ২০২১ সালের অক্টোবরে দীর্ঘ ৪ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন সামান্থা

 

 

বিতর্কের পাশাপাশি সামান্থার জীবনে এখন খুশির হাওয়া। গত বছরের (২০২৫ সালের ডিসেম্বর) ১লা ডিসেম্বর কোয়েম্বাটুরের ইশা যোগ সেন্টারের লিঙ্গ ভৈরবী মন্দিরে এক ঘরোয়া ও পবিত্র ‘ভূতশুদ্ধি বিবাহ’ অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয় পরিচালক রাজ নিদিমরু-র সঙ্গে  গাঁটছড়া বাঁধেন সামান্থা।এই সাকসেস মিটেই সামান্থা নিজের মা হতে চলার খবরটি নিশ্চিত করেছেন! 

পাশাপাশি এক ভক্তের দীর্ঘ বিরতি না নেওয়ার অনুরোধের জবাবে মিষ্টি হেসে সামান্থা বলেন:“আমাকে ক্ষমা করো বন্ধুরা, আর একটা ছোট্ট ব্রেক নিতে হচ্ছে আর তারপরই আমি আবার কামব্যাক করব। এখন আমাকে মাতৃত্বকালীন ছুটি  নিতেই হবে। আমি আমার জীবনের এই নতুন ইনিংস নিয়ে ভীষণ, ভীষণ খুশি।”

চিকিৎসকদের মতে, চলতি বছরের আগামী ডিসেম্বরেই রাজ ও সামান্থার কোল আলো করে আসতে চলেছে তাদের প্রথম সন্তান। কেরিয়ারের ব্লকবাস্টার হিট আর ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায়— সব মিলিয়ে সামান্থা এখন আক্ষরিক অর্থেই ‘কমপ্লিট’!