সব প্রতীক্ষার অবসান! পরিচালক আদিত্য ধরের স্পাই অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ অবশেষে আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আর মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই ছবি।রণবীর সিং, সারা অর্জুন, অর্জুন রামপাল আর মাধবন, সঞ্জয় দত্ত-সহ একঝাঁক তারকায় ভরা এই ছবিটি ২০২৫ সালের ব্লকবাস্টার ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল। মুক্তির আগের দিন পেইড প্রিভিউতে কিছু সমস্যার মুখে পড়লেও, রিলিজের পর থেকেই দর্শক ও তারকাদের প্রশংসায় ভাসছে ছবিটি।
বিশেষ স্ক্রিনিংয়ে ছবিটি দেখে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এক্স-এ লেখেন, “দেশপ্রেম আর স্টাইল—দুটোর দুর্দান্ত ককটেল । অসংখ্য হাততালি পাওয়ার যোগ্য মুহূর্ত ভরা রয়েছে ছবিতে ! রণবীর সিং যেন আগুন।” পাশাপাশি পরিচালক আদিত্য ধরকেও প্রশংসায় ভরিয়ে দেন তিনি।
এই প্রশংসার জবাবে আবেগঘন প্রতিক্রিয়া দেন আর মাধবন। তিনি লেখেন, “তোমার মতো একজন অভিনেতার কাছ থেকে এমন কথা পাওয়া সত্যিই বিশেষ। এটা আমার কেরিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তে ভীষণ অনুপ্রেরণা।”
অন্যদিকে, অনন্যা পাণ্ডে সরাসরি জানান, “উড়ে গেলাম!” আর কার্তিক আরিয়ান ছবিটিকে বলেছেন “দুরন্ত”।
সবচেয়ে আবেগঘন প্রতিক্রিয়া আসে প্রীতি জিন্টা-র কাছ থেকে। তিনি লেখেন, “রিভেঞ্জ যদি হয়, তবে ‘ধুরন্ধর’-এর মতোই হওয়া উচিত!” পরিচালনা, অভিনয়, সঙ্গীত—প্রতিটি বিভাগকেই ‘মাইন্ডব্লোয়িং’ বলে উল্লেখ করেন তিনি। এমনকী তাঁর মা-ও নাকি আবার প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে চান!

সব মিলিয়ে, মুক্তির প্রথম দিনেই স্পষ্ট ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ শুধু দর্শকদের মন জিতেই থামছে না, বরং তারকাদের কাছ থেকেও পাচ্ছে স্ট্যান্ডিং ওভেশন। এখন দেখার, বক্স অফিসে এই ঝড় কতদূর গড়ায়।
প্রসঙ্গত, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ নাকি ভারতীয় সিনেমার ভবিষৎ নির্ধারণ করতে পারে, সম্প্রতি এক অনুষ্ঠানে এমনই দাবি করেছেন রণবীর সিং। তাঁর মতে, ছবিটি এমন এক নতুন মানদণ্ড তৈরি করবে যা ভারতীয় চলচ্চিত্রের দিক বদলে দিতে পারে। মুম্বইয়ে ছবির একটি মিউজিক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হয়ে রণবীর ভক্তদের উদ্দেশে বলেছিলেন, "দর্শকদের ভালবাসা ও প্রত্যাশাই এই ছবিকে এত বড় করে তুলেছে। এই সিনেমার জন্য শুধু ভারত নয়, গোটা বিশ্বের দর্শকরাও অপেক্ষা করছেন।” অভিনেতার কথায়, ‘ধুরন্ধর ২’ শুধু একটি অ্যাকশন ছবি নয়, বরং এতে রয়েছে জোরদার গল্প, সূবক্ষ্ম চরিত্র এবং বড় পরিসরের নির্মাণ।
