থালাপথি বিজয়ের পর জনপ্রিয় দক্ষিণী নায়ক ধনুষ কি এবার রাজনীতিতে নামছেন? সম্প্রতি অনুরাগীদের আয়োজিত এক রক্তদান শিবিরে অভিনেতার একটি ঝাঁঝালো এবং ইঙ্গিতপূর্ণ বক্তব্য ঘিরে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে তীব্র জল্পনা। ভক্তদের ঐক্যের সঠিক সঠিক সদ্ব্যবহার করার আহ্বান জানিয়ে ধনুষ যেভাবে সমাজকল্যাণমূলক কাজের ওপর জোর দিয়েছেন, তাতে অনেকেই এর মধ্যে রাজনৈতিক কেরিয়ারের বীজ দেখতে পাচ্ছেন।
গত রবিবার চেন্নাইতে ভক্তদের একটি বিশাল সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ধনুষ বলেন, ভক্তদের এই বাঁধভাঙা ঐক্য এবং শক্তিকে শুধুমাত্র সিনেমার অডিও লঞ্চ বা ফ্যান মিট-আপের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এর একটা বড় উদ্দেশ্য থাকা প্রয়োজন। তিনি তাঁর ভক্তদের এলাকার সাধারণ মানুষ ও অভাবী পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এবং সাধ্যমতো সাহায্য করার জোরালো আর্জি জানান।
#Dhanush :
— Gv (@gowtham0725)
Unity-ku oru power irukku. Andha power-ah positive-aa kondu poganum. Andha power-ku oru purpose kudukkanum..💬
. pic.twitter.com/dsmGeIXXEXTweet by @gowtham0725
ধনুষ-এর এই বক্তৃতার পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় জোর চর্চা। সাধারণ নেটিজেন থেকে শুরু করে ভক্তদের একাংশ এর সঙ্গে তামিল নাড়ুর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের গভীর মিল খুঁজে পাচ্ছেন। অনেকেই একে অভিনেতা থালাপথি বিজয়ের রাজনীতিতে পা রাখার আগের গতিপ্রকৃতির সঙ্গে তুলনা করছেন। ঠিক যেভাবে বিজয় তাঁর ফ্যান ক্লাবগুলোকে সুসংগঠিত করে তৃণমূল স্তরে সমাজসেবামূলক কাজে লাগিয়েছিলেন এবং পরবর্তীকালে রাজনৈতিক দল গঠন করে সফল হয়েছেন, ধনুষের ক্ষেত্রেও ঠিক একই পথ অনুসরণের ইঙ্গিত দেখছেন অনেকে।
এর আগে গত জুন মাসে ধনুষের বাবা তথা প্রবীণ পরিচালক কস্তুরী রাজাও ছেলের রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে সরাসরি কিছু না বললেও এই সম্ভাবনা উড়িয়ে দেননি। তিনি জানিয়েছিলেন,ধনুষ চাইলে রাজনীতিতে আসতেই পারে, সেই অধিকার তাঁর রয়েছে। যদিও এই রাজনৈতিক গুঞ্জন বা জল্পনা নিয়ে এখনও পর্যন্ত নিজে মুখ খোলেননি ধনুষ, তবে তাঁর এই সাম্প্রতিক বার্তা যে ভক্ত মহলে বড়সড় শোরগোল ফেলে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।
















