নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ার সেলিব্রিটি দম্পতি গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। নিজেদের মিষ্টি সম্পর্কের রসায়ন সোশ্যাল মিডিয়া মারফত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তাঁরা। পারিবারিক অনুষ্ঠান হোক বা ছুটি কাটানোর মুহূর্ত একসঙ্গে কাটানোর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করেন এই জুটি। এবার গৌরবের জন্মদিনে স্পেশ্যাল পোস্ট করলেন দেবলীনা। সেইসঙ্গে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন কিছু অদেখা ছবিও।
গৌরবের ছোটবেলায় জন্মদিন পালনের একটি ছবির সঙ্গে তাঁদের দুজনের একসঙ্গে কাটানোর কিছু মুহূর্তের ছবি কোলাজ করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেবলীনা তার সঙ্গে জুড়েছেন একটি মিষ্টি লেখা। দেবলীনা লেখেন, "এই ছবির মধ্যে প্রথমটি দর্শক যেমনভাবে গৌরবকে দেখেন, আর বাকিগুলো আমি যেমনভাবে গৌরবকে দেখি। তুমি এভাবেই আমার হাসির কারণ হয়ে থেকো। তুমি আমার সারা জীবনের দুষ্টুমি, খুনসুটির পার্টনার। অদ্ভুত ডাকনামের সঙ্গী। দু'জন, দু'জনের থেকে ১৮০° আলাদা হয়েও তোমায় ভালবেসেছি, আর সারা জীবন ভালবাসব। শুভ জন্মদিন।"
শুধু কী মিষ্টি পোস্ট? নাকি জন্মদিনে গৌরবের জন্য আরও স্পেশ্যাল কিছু পরিকল্পনা রয়েছে দেবলীনার? জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে দেবলীনা জানান, "বাড়িতেই ঘরোয়া আয়োজন হবে। গৌরব পার্টি খুব একটা পছন্দ করেনা। দুপুরে বিরিয়ানি হবে বাড়িতেই। গৌরব মাছ খেতে খুব পছন্দ করে। জামাইষষ্ঠীতে প্রচুর মাছ খাওয়া হয়েছে তাই মাছ আর আজ হবেনা। বাড়িতেই পরিবারের সবাই মিলে জমিয়ে খাওয়াদাওয়া হবে।"
















