সুরকার ইসমাইল দরবার ও পরিচালক সঞ্জয় লীলা বনশালি-র জুটি বলিউডে একসময় ছিল সাফল্যের সমার্থক শব্দ। পরিচালক হিসেবে বনশালি যখন কেরিয়ার শুরু করেছেন, সেই সময়ে তাঁর একাধিক জনপ্রিয় ছবিতে সুরকারের দায়িত্ব পালন করেছিলেন ইসমাইল দরবার -তার মধ্যে উল্লেখযোগ্য ‘হম দিল দে চুকে সনম’ এবং ‘দেবদাস’। এই দুই ছবির সাউন্ডট্র্যাক আজও ক্লাসিক হিসেবে বিবেচিত হয় সমালোচকমহল থেকে জনতামহল।
বহু বছর পর তাঁদের আবার একসঙ্গে কাজ করার কথা ছিল বনশালির স্বপ্নের প্রকল্প হীরামন্ডি-তে। কিন্তু শেষমেশ সেই পরিকল্পনা ভেস্তে যায়। আচমকা নিজেই তাঁর পরিচালিত ওয়েব সিরিজের গান ও সুরের দায়িত্ব তুলে নেন খোদ পরিচালক।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে ইসমাইল দরবার জানিয়েছেন, বনশালির এই সিদ্ধান্ত তাঁকে গভীরভাবে আঘাত করেছিল। তাঁর কথায়, “বনশালি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। একবার নয় কিন্তু। দু’দুবার! তিনি দেড় বছর ধরে প্রকল্পটির জন্য কাজ করে গিয়েছিলেন এক নাগাড়ে, কিন্তু তাঁকে বাদ দেওয়ার আগে বনশালি নাই তাঁকে সরাসরি কিছুই জানাননি। দরবারের কথায়, “তিনি আমাকে একবার নয়, দু’বার প্রতিশ্রুতি দিয়ে ভেঙেছেন। আমি দেড় বছর সময় খরচ করেছিলাম অথচ আমাকে কিছুই জানানো হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে।
তিনি আরও জানান, পরে বনশালি সম্পর্ক মেরামত করার চেষ্টা করেছিলেন। ‘হীরামন্ডি’ সিরিজের প্রিমিয়ারে তাঁকে আমন্ত্রণও জানান পরিচালক। কিন্তু ততদিনে মন ভেঙে গিয়েছিল সুরকারের। দরবার বলেন, তাঁদের মধ্যে গান তৈরির সময় প্রায়ই মতবিরোধ হতো, তবুও বনশালির প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে, কারণ পরিচালক তাঁকে ও তাঁর পরিবারকে এক সময় প্রচণ্ড ভাবেসেছেন। তাঁর মতে, যদি তাঁরা একসঙ্গে হীরামান্ডি করতেন, তবে ইতিহাস তৈরি হতে পারত।
বনশালির দীর্ঘদিনের স্বপ্ন ছিল ‘হীরামান্ডি’। বছর ২৫ আগে এই গল্পকে বড়পর্দায় আনার ব্যাপারে পরিকল্পনা করেছিলেন বনশালি। কিন্তু দীর্ঘ সময় জটিলতায় সেই প্রকল্প আটকে থাকে। এরপর নানান ব্যস্ততা এবং শেষমেশ করোনা মহামারি। তারপর এটিকে ওয়েব সিরিজ হিসেবে ভাবা হয়। ২০২৪ সালের মে মাসে মুক্তি পাওয়া সিরিজটিতে অভিনয় করেছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দরি, রিচা চাড্ডা, সনজিদা শেখ, শরমিন সেগাল ও তাহা শাহ বাদুশা। সমালোচনায় মিশ্র প্রতিক্রিয়া মিললেও স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রথম সপ্তাহেই দর্শকসংখ্যার নতুন রেকর্ড গড়েছিল সিরিজটি। ইতিমধ্যেই সিরিজের দ্বিতীয় সিজনের কাজ চলছে।
উল্লেখ্য, বনশালির ছবি ‘হম দিল দে চুকে সনম’ দিয়েই ১৯৯৯ সালে সুরকার হিসেবে বলিউডে যাত্রা শুরু করেছিলেন ইসমাইল দরবার, এবং সেই ছবির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন তিনি। এরপর তাঁর কেরিয়ারে প্রায় দু'ডজন ছবিতে সুর দিয়েছেন এই সুরকার।
&t=313s
