সৌরভ গাঙ্গুলিকে আর দেখা যাবে না 'দাদাগিরি'তে। জি বাংলার এই রিয়্যালিটি শো-এর সঙ্গে তিনি পুনরায় চুক্তিবদ্ধ হননি। এই খবর তো আগেই এসেছিল। তখন থেকেই গুঞ্জন চলছিল, কাকে দেখা যাবে তাহলে 'দাদাগিরি'র সঞ্চালনায়? নাম উঠে এসেছিল প্রখ্যাত টেনিস তারকা লিয়েন্ডার পেজের নাম। অন্যদিকে, আবার উঠে এসেছিল টলিপাড়ার 'মেগাস্টার' দেবের নামও। 

 

'দাদাগিরি'র গুগলির মতো দর্শকের মধ্যে বিভিন্ন ধোঁয়াশা তৈরি হচ্ছিল। তবে এবার এল আসল খবর। দেবকেই দেখা যেতে চলেছে 'দাদা'র ভূমিকায়। অর্থাৎ জি বাংলার এই কুইজ শো-এর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাঁকে।‌ সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি প্রোমো শুটিং সেরে ফেলেছেন অভিনেতা। আর কিছুদিনের মধ্যেই চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ্যে আসবে সেই প্রোমো। প্রতিবারের মতোই জেলায় জেলায় অডিশন চলবে 'দাদাগিরি'র। প্রতিযোগিতায় মাঝেমধ্যে দেখা যাবে বিশেষ অতিথি শিল্পীদেরও। 

 

দেবকে দর্শক এর আগে কয়েকবার 'দাদাগিরি'র মঞ্চে দেখেছেন। এবার এই শো-এর সঞ্চালনার দায়িত্ব সামলাবেন তিনি। দেব এর আগে জি বাংলার রিয়্যালিটি শো 'ডান্স বাংলা ডান্স'-এর বিশেষ সঞ্চালক এবং বিচারক হিসেবে ছিলেন। এবার আরও নতুন দায়িত্ব এল অভিনেতার কাঁধে।

 

প্রসঙ্গত, সৌরভ গাঙ্গুলিকে যে 'দাদাগিরি'র মঞ্চে আর দেখা যাবে না, এই খবর আসার সঙ্গে এ-ও জানা গিয়েছিল যে এবার 'বিগ বস'-এর সঞ্চালকের ভূমিকায় থাকছেন তিনি। স্টার জলসায় আসছে 'বিগ বস বাংলা'র নতুন সিজন। আর সেখানেই দেখা যাবে 'দাদা'কে। 'বিগ বস'-এর ঘরে এই সিজনে কাদের দেখা যাবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে কানাঘুষো উঠে আসছে বহু তারকার নাম। বাকিটা সময়ের অপেক্ষা।