কয়েকদিন আগেই খবর আসে মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান পরিচালক সুজিত গুহ। সেই সময় তিনি কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। সেই সময় সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে বর্ষীয়ান পরিচালকের চিকিৎসার জন্য আর্থিক অনুদানের পোস্ট। তবে তাঁর বাড়ির লোকের পক্ষ থেকে আজকাল ডট ইন-কে জানানো হয়েছিল, এরকম কোনও পোস্ট সম্পর্কে তাঁরা অবগত নন। 

তবে সমাজমাধ্যমের পোস্ট চোখে পড়েছে টলিউডের 'মেগাস্টার' দেবের। তাঁর হিট ছবি 'মন মানে না'র পরিচালকের এই অবস্থায় তাঁর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দেব। সুজিত গুহর চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করেছেন তিনি। এমনকী ভবিষ্যতে কোনও সাহায্য প্রয়োজন হলেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। তবে সবটাই আড়ালে থেকেই করতে চেয়েছেন দেব। এই বিষয়ে প্রচারের আলোয় থাকতে নারাজ তিনি। জানা যাচ্ছে, পরিচালকের পরিবারের সঙ্গে আর্থিক সাহায্য করার জন্য যোগাযোগ করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও হরনাথ চক্রবর্তীও।

পরিচালক অর্কদীপ নাথ সমাজমাধ্যমে সুজিত গুহর স্বাস্থ্যের আপডেট দিয়ে তাঁকে সাহায্য করার আবেদন জানিয়ে একটি পোস্ট করেছিলেন। তিনি টলিউডের পরিচিত মুখ এবং বর্তমানের চার বিধায়ককে উদ্দেশ্য করে এই পোস্টে লেখেন, 'পরিচালক সুজিত গুহ হাসপাতালে ভর্তি। যাদবপুরে কে পি সি তে ভর্তি আছেন। আমি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির চারজন বিধায়ক কে অনুরোধ করব যদি কোনোভাবে তাকে পিজি তে উডবার্ন বা অন্তত নরম্যাল পেয়িং বেড়ে স্থানান্তরিত করা যায়। কেপিসি থেকে আবেশ ব্যানার্জি, প্রিয়দর্শিনী হাকিমরা পাশ করে। কাজেই ওই হাসপাতালে চিকিৎসা ছাড়া বাকি সব কিছু হয়। আমরা অর্থ সাহায্য করতেই পারি সবাই। কিন্তু সে অর্থের সঠিক ব্যবহার হবে না ওই হাসপাতালে। তার থেকে সরকারি জায়গায় থাকলে আমরা নিশ্চিন্ত থাকব। আর খরচটা কম হবে।' (পোস্টের বানান অপরিবর্তিত রাখা হল)

সুজিত গুহর পরিবারের তরফেও এমন কোনও সাহায্য চাওয়া হয়েছে কিনা বা তাঁরা বিষয়টা জানেন কিনা জিজ্ঞেস করায় তাঁর বোনপোর স্ত্রী বলেন, "না, এই ব্যাপারে কিছু বলতে পারব না। কারণ আমাদের কাছে এমন কোনও খবর নেই। মামা সোমবার ছাড়া পেয়েছেন। তাঁকে নিয়েই আমরা ব্যস্ত এখন। উনি আগের থেকে ভাল থাকলেও এখনও কিছু সমস্যা তো রয়েছেই।"

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সুজিত গুহ বিয়ে করেননি। বিগত ৩৩ বছর ধরে তিনি তাঁর জামাইবাবু এবং দিদির সঙ্গেই থাকেন। যদিও বর্তমানে দিদি এবং তাঁর স্বামী নেই। এখন তিনি বোনপো ও তাঁর স্ত্রীর সঙ্গে থাকেন। তাঁরাই পরিচালকের সন্তানসম এবং তাঁর দেখভালও করেন।

প্রসঙ্গত, ৮০ এর দশকে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তালিকায় আছে 'মনের মানুষ', 'অমর সঙ্গী', 'আশা ও ভালোবাসা'র মতো হিট ছবি। তাঁর পরিচালনায় কাজ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে জিৎ, দেব, কোয়েল মল্লিকের মতো তারকারা।