বাংলা লোকগানের বিভিন্ন ধারায় খ্যাপার গান অনেক শুনেছি, গানের দুটি স্তবকের মাঝে তারসপ্তকে গলা নিয়ে 'খ্যাপা রে...' আমরা প্রায়ই বাউল গানে শুনেই থাকি। 'মহীনের ঘোড়াগুলির' ঝুলিতে তো 'খ্যাপার গান' নামে একটা অ্যালবামও আছে। কিন্তু খ্যাপাদের দুনিয়ায় খেপী'রা কী ব্রাত্য? নারী শক্তি বা হ্লাদিনী শক্তি ছাড়া তো সৃষ্টি তার পূর্ণতা পায় না। পুরুষ আর প্রকৃতির যুগল মিলনেই তো সময়ের অনন্ত চক্র ঘোরে...
নববর্ষে বর্তমানে বাংলা লোকগানের এই সময়ের অন্যতম মুখ 'ফোক গুরু' দেব চৌধুরীর নিবেদন, তার নিজের কথায়, সুরে ও গায়নে 'খেপীর গান'। গানটির যন্ত্রানুসজ্জায় রুদ্রনীল চৌধুরী, চিত্রকল্প ভাবনা ও নির্মানে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। এই মিউজিক ভিডিওর মুখ্য চরিত্রে দেব নিজেই আছেন, সঙ্গে বিশেষ ভূমিকায় শ্রীময়ী রায় চৌধুরী।

এই 'খেপীর গান' আসলে চিরন্তন নারী সত্ত্বার এক অনন্ত যাত্রাপথের গান। বয়স, জাতি, ধর্ম, কর্ম, ভৌগোলিক অবস্থান নির্বিশেষে একজন নারীর চোখে জীবনকে চেনার ও বোঝার গান...
দেব বললেন, "আসলে গাছের মতই মানুষও তার শিকড় আঁকড়ে বাঁচতে চায়, তার নিজের অস্তিত্ব ও অবস্থান খুঁজতে চায়। এই গানটির শব্দ ও সুরের চলনে সেই শাশ্বত জীবনের এক অনন্ত যাত্রাকে ধরার চেষ্টা করেছি..."

গত ২৫ বছর ধরে ব্যক্তিগতভাবে ও প্রাতিষ্ঠানিকভাবে লোকগান চর্চা এবং লোকশিল্পীদের নিয়ে ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছেন দেব। তার সহজিয়া ফাউন্ডেশন ও সহজিয়া ফোক ব্যান্ডের পরিচিতি কলকাতা ও দেশের গন্ডি ছাড়িয়ে আর্ন্তজাতিক ভাবে সমাদৃত। দেশে-বিদেশে বিভিন্ন ফেস্টিভ্যাল ও কনসার্টে নিয়মিত পারফরম্যান্স, আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্লাস, ওয়ার্কশপ ও সেমিনার পরিচালনা করা ছাড়াও তিনি গত আট বছর ধরে জি-বাংলা সারেগামাপা-র লোকসঙ্গীতের গ্রুমার এবং মেন্টর। তবে তার সঙ্গীতচর্চা কিন্তু শুরু হয়েছিল রক মিউজিক এবং নতুন বাংলা গান নিয়েই। বাংলা টেলিভিশন এবং সিনেমাতেও তার দারুণ জনপ্রিয় সব কাজ রয়েছে। নতুন বাংলা বছরে সহজিয়া দেবu চৌধুরীর এই নতুন রিলিজ, মৌলিক বাংলা গানের শ্রোতাদের জন্য অত্যন্ত খুশির খবর নিয়ে এলো...
গানটির লিংক:















