টলিপাড়ায় বাড়ছে কাজের সুযোগ। আসছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম। সব সময়-এর হাত ধরে মুক্তি পেতে চলেছে একগুচ্ছ সিরিজ থেকে সিনেমা। মউ স্বাক্ষরিত হয়েছে মেল মুভিস এন্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড (এমইএল)-এর সঙ্গে। যার মাধ্যমে বাংলা ইন্ডাস্ট্রির টেকনিয়ানদের কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নিয়েছে ফেডারেশন। সব সময় প্ল্যাটফর্মে ২৫টি কনটেন্ট থাকবে অর্থাৎ প্রায় ১২৫ থেকে ১৩০টি এপিসোডের শুটিং হবে।ফলে বহু টেকনিশিয়ানের কাজের সুযোগ মিলবে বলে জানিয়েছিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। 

এই ওটিটি প্ল্যাটফর্ম মুক্তির অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ওটিটির জন্য বেশ কয়েকটি সিরিজের কাজ। টলিউডের বহু পরিচালক যুক্ত হয়েছেন এই নতুন ওটিটির সঙ্গে। সূত্রের খবর, ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে পরিচালক অভ্রজিৎ সেন-এর একটি সিরিজের। এবার এক ত্রিকোণ প্রেমের গল্প বলবেন পরিচালক। শুধু তাই-ই নয়, এই সিরিজ জমবে টানটান থ্রিলারেও। 

জানা যাচ্ছে, অভ্রজিৎ-এর এই রোমান্টিক-থ্রিলার সিরিজের মুখ্য ভূমিকায় আছেন সুহোত্র মুখার্জি, শ্যামৌপ্তি মুদলি ও সৌম্য মুখার্জিকে। এছাড়াও থাকবেন টলিপাড়ার বহু পরিচিত মুখ। শুটিং শুরু হলেও এখনও পর্যন্ত নাম চূড়ান্ত হয়নি এই সিরিজের। তবে জানা যাচ্ছে জমাটি গল্পের বাঁধনে দর্শকের মনোরঞ্জনের জন্য প্রস্তুত এই সিরিজ। বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম সব সময়। আর প্রথম স্লটেই আসবে সুহোত্র, শ্যামৌপ্তি ও সৌম্যর এই সিরিজটি। 

প্রসঙ্গত, কিছুদিন আগেই জি ফাইভ বাংলায় মুক্তি পেয়েছে অভ্রজিৎ-এর পরিচালনায় 'রঙ্কিণী ভবন'। এই সিরিজেও মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল শ্যামৌপ্তিকে। এই সিরিজের মাধ্যমেই প্রথমবার ওটিটির পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী। তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। অন্যদিকে, ওই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতা সুহোত্র মুখার্জিকেও। আবারও নতুন সিরিজে ফিরছেন তাঁরা। তবে এবারের গল্প হতে চলেছে একবারে আলাদা। আর কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে এই সিরিজের।