বর্তমানে টলিউডে ভিন্নধর্মী সমাজ চিত্র নিয়ে তৈরি হয় প্রচুর বাংলা ছবি। এবার সেই তালিকায় জায়গা করতে আসছে 'অভিমন্যু'। সমাজের অবহেলিত মানুষের কণ্ঠস্বরকে তুলে ধরতে তৈরি হচ্ছে নতুন বাংলা ছবি ‘অভিমন্যু’। প্রতিবাদ এবং ন্যায়ের লড়াইকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ছবির কাহিনি, যেখানে এক চরিত্র অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সমাজকে সচেতন করার চেষ্টা করে। এই ছবির পরিচালনার অরুদীপ্ত দাসগুপ্ত। এর আগেও ভিন্নধারার বহু ছবি তৈরি করেছেন তিনি।
ছবিতে অভিনয় করছেন অনন্যা বিশ্বাস, সঞ্জীব সরকার, অনিন্দ্য পুলক ব্যানার্জি, প্রদীপ ভট্টাচার্য, স্বর্ণাভ নন্দ, অরিত্র রায় এবং শিশির কুমার সাঁতরা প্রমুখ। তাঁদের অভিনয়ে ছবিটি বাস্তবতার ছোঁয়া পাবে বলেই আশা করছেন নির্মাতারা।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়েছে। গরমের ছুটিতে পুরুলিয়ায় বাকি অংশের শুটিং সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও, এই মাসের শেষে ‘অভিমন্যু’ টিম নেপালে গিয়ে একটি গানের দৃশ্য এবং কিছু গুরুত্বপূর্ণ সিন শুট করবে বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, গানটি নাকি ছবিতে ভিন্ন মাত্রা যোগ করবে।
এছাড়াও, ছবিতে জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জিকেও একটি বিশেষ চরিত্রে দেখা যেতে পারে। নির্মাতাদের মতে খরাজ মুখার্জির উপস্থিতি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে। প্রতিবাদের শক্তিশালী বার্তা নিয়ে তৈরি ‘অভিমন্যু’ সমাজে নতুন ভাবনার জন্ম দেবে বলেই আশাবাদী ছবির টিম। ছবির আর কিছু অংশের শুটিং বাকি আছে। প্রযোজক শিশির কুমার সাঁতরার নিবেদনে আসছে চলতি বছরের শেষেই বড়পর্দায় আসতে পারে এই ছবি।
















