২০২৬-এর পুজোয় ফিরছে 'দেশু' জুটি। দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটির সপ্তম ছবি এটি। এখনও নাম ঘোষণা হয়নি, তার আগেই এল বড় চমক। দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছাড়াও 'দেশু ৭' -এ থাকছেন এই অভিনেতা! কে? অনির্বাণ ভট্টাচার্য। তাঁকে শেষ দেবের সঙ্গেই রঘু ডাকাত ছবিতে দেখা গিয়েছিল। তারপর এক প্রকার তাঁকে ব্যান করে দেওয়া হয়। সম্প্রতি টলিউডের বৈঠকে দেব সমস্ত পরিচালক এবং শিল্পীদের উপর থেকে ব্যান তোলার আবেদন করেন আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে। তারপরই এদিন এই সুখবর!

এদিন দেব তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাঁকে এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে পাশাপাশি বসে কথা বলতে দেখা যাচ্ছে। শুভশ্রী বলেন, 'আবার ৭২ ঘণ্টা! তুমি থামবে না?' জবাবে দেব বলেন, 'যেদিন থেমে যাব, সেদিন শেষ হয়ে যাব।' এরপরই শুভশ্রী বলেন, 'আমি আজ খুব উত্তেজিত। তোমার প্রথম প্রযোজনায় আমি। আবার তোমার প্রথম.... সেটা পরে বলব। আগে বলো আমাদের ছবিতে কি ও থাকছে?' দেব জানতে চান, 'ও মানে?' এরপরই তাঁকে ঢুকতে দেখা যায়। তাঁকে মানে অনির্বাণ ভট্টাচার্যকে। তিনি আসতেই দেব বলেন 'জুন, জুলাই, অগাস্ট ডেট ফাঁকা আছে?' ফলে এখান থেকেই স্পষ্ট হয়ে যায় এই তিন মাসেই শুটিং হবে ছবিটির। 

দাঁড়ান দাঁড়ান চমক এখানেই শেষ নয়! 'দেশু ৭' ছবিটির প্রযোজনা কেবল দেব করছেন না। এই ছবির পরিচালনা করছেন তিনিই। আবার চিত্রনাট্যকার তিনিই। মানে এবার অভিনেতা, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, দেবের একই অঙ্গে দেখা যাবে চার রূপ। মানে ভাবতে পারছেন এই ছবি নিয়ে উত্তেজনা এই পুজোয় ঠিক কোথায় পৌঁছবে? 

ইতিমধ্যেই 'দেশু ৭' -এর ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের টিকিট সোল্ড আউট। তার কিছুতে আবার রয়েছে দেব, শুভশ্রীর সই। সেই ২০১০ এর সময়ের নস্টালজিয়া যেন এক ধাক্কায় নতুন রূপে ফিরছে। তবে এখনও 'দেশু ৭' -এর নাম ঘোষণা হয়নি। নববর্ষের দিন ঘোষণা করা হতে পারে এই ছবির নাম। 

?igsh=MWw1azV2ZDk0czd1MQ==

প্রসঙ্গত, ২০২৫ সালে সমস্ত জটিলতা কাটিয়ে দীর্ঘ সময়ের পর মুক্তির আলো দেখে দেব, শুভশ্রীর জুটির ছবি 'ধূমকেতু'। বক্স অফিসে অভাবনীয় সাফল্য পায় ছবিটি। এত বছর পরেও যে দেব, শুভশ্রী জুটির ম্যাজিক এতটুকু ফিকে হয়নি সেটা স্পষ্ট। তাঁরা দু'জনেও তাঁদের ব্যক্তিগত জীবনের ওঠাপড়া ভুলে কাজ এবং টলিউডের স্বার্থে একসঙ্গে এসেছেন। 'ধূমকেতু'র জমাটি প্রচার করেন। এবার পালা 'দেশু ৭' -এর! 

দেবের হাতে 'দেশু ৭' ছাড়াও একাধিক ছবি রয়েছে। স্বাধীনতা দিবসের সময় মুক্তি পাচ্ছে 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'। সেখানে তাঁর বিপরীতে আছেন রুক্মিণী মৈত্র। এছাড়া 'খাদান ২', 'টনিক ২' ছবিগুলোও তিনি ঘোষণা করে রেখেছেন।