সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে, যা নিয়ে চলছে জোর চর্চা। ঘটনাটি দিল্লির এক যুবকের। অভিযোগ উঠেছে, তিনি নাকি সিনেমা হলে বসে একসঙ্গে দু'জনের সঙ্গে প্রেম করছেন! আসলে বরুণ ধাওয়ানের ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবির স্ক্রিনিং চলাকালীন ওই যুবককে দু'জন আলাদা নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে। সেই মুহূর্তের একটি ভিডিও নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়।
নেটিজেনদের অনেকেই খেয়াল করেন, আলাদা আলাদা সময়ে ওই যুবক তাঁর দুই প্রেমিকাকে চুমু খাচ্ছেন। আর এটা দেখেই খটকা লাগে দর্শকদের। ব্যাস, যুবকের সম্পর্কের সততা নিয়ে উঠে যায় বড়সড় প্রশ্ন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের বিশ্বাস, স্বচ্ছতা আর আজকের যুগের প্রেম-ভালবাসা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। যদিও ভিডিওতে থাকা মানুষগুলোর পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, তবুও ক্লিপটি নেটপাড়ায় ব্যাপক শেয়ার হচ্ছে।
বরুণ ধাওয়ানের ছবি 'ম্যায় তেরা হিরো' ফের মুক্তির পরেও সিনেমা হলে এক প্রেমিক যুগলের কীর্তি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বরুণের কেরিয়ারের শুরুর দিকের এই ব্লকবাস্টার কমেডি ছবিটি নতুন করে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছিল।
ডেভিড ধাওয়ান পরিচালিত এই ছবিতে বরুণের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ইলিয়ানা ডি'ক্রুজ, নার্গিস ফখরি, অরুণোদয় সিং, অনুপম খের, রাজপাল যাদব এবং শক্তি কাপুরের মতো তারকারা। ছবিটি ফের মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় হলভর্তি দর্শকের নানা ভিডিও ভাইরাল হচ্ছিল। তবে সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি বিশেষ ভিডিও সবার নজর কেড়েছিল সেখানে দেখা গিয়েছিল, প্রেক্ষাগৃহের ভিতর পর্দায় যখন সিনেমার জনপ্রিয় গান 'পালট' বাজছে, ঠিক তখনই এক যুবক নিজের প্রেমিকার জন্য হলের ভেতরেই নাচতে শুরু করেন। সেই মুহূর্তটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়।
ভিডিওটি পৌঁছায় স্বয়ং বরুণ ধাওয়ানের কাছেও। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি ভাগ করে অভিনেতা লিখেছিলেন, 'এসব কী হচ্ছেটা কী?' আর এবার এই 'ডবল ডেট' নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি বরুণ।















