দ্বিতীয়বার মা হবেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এখন তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা, কিন্তু তাতে কী! কাজ থেকে একদমই বিরতি নেননি হবু মা। বরং পরিচালক অ্যাটলির নতুন ছবি ‘রাকা’-র সেটে পুরোদমে শুটিং শুরু করে দিয়েছেন অভিনেত্রী। এই ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে তাঁকে।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই অবস্থায় শুধু দিনের বেলা নয়, রাতের শিফটের শুটিংও করছেন তিনি। এমনকী ছবিতে বেশ কিছু কঠিন অ্যাকশন দৃশ্যও রয়েছে, যা সামলাচ্ছেন খুব সাবলীলভাবে। শোনা যাচ্ছে, মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগেই নিজের সব কাজ শেষ করে ফেলতে চান দীপিকা। সেটের এক সদস্য মুম্বইয়ের সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, এত শারীরিক ধকলের কাজ করেও দীপিকার কাজের প্রতি মনোযোগ দেখে পুরো টিম অবাক!
তবে শুধু পেশাদার জীবন নয়, ব্যক্তিগত জীবনও সমান তালে সামলাচ্ছেন তিনি। ঘরে দেড় বছরের মেয়ে দুয়া আছে, তাকেও সময় দিচ্ছেন ঠিকঠাক। সব মিলিয়ে কাজ আর সংসার—দুটোর সামঞ্জস্য বজায় রাখছেন দারুণভাবে।
কিছুদিন আগেই কাজের সময়সীমা নিয়ে একটি বিতর্ক হয়েছিল। তখন দীপিকা সাফ জানিয়েছিলেন, পুরুষ অভিনেতারা দীর্ঘক্ষণ কাজ করলে তা নিয়ে কেউ প্রশ্ন তোলে না, অথচ নারীদের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি অন্যরকম হয়। এমনকী দৈনিক আট ঘণ্টা শিফটের দাবিও তুলেছিলেন তিনি। সেই নিয়েও অনেক বিতর্ক তৈরি হয়েছিল।
প্রসঙ্গত, ২০২৭ সালে মুক্তি পেতে চলেছে ‘রাকা’। তার আগেই অন্তঃসত্ত্বা দীপিকার এমন পরিশ্রম আর জেদ দেখে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। অনুরাগীরা একদিকে যেমন তাঁর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছেন, অন্যদিকে এই অদম্য মানসিকতাকে কুর্নিশও জানাচ্ছেন।
















