টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
রণবীরের 'ধুরন্ধর ২' নিয়ে কী বললেন দীপিকা?
রণবীর সিংয়ের 'ধুরন্ধর ২' বক্সঅফিস কাঁপিয়ে চলেছে। ক্রমশ বাড়ছে সাফল্যের পরিসংখ্যান। আর রণবীরের সাফল্যে দীপিকা পাড়ুকোনের 'নীরবতা' নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে গুঞ্জন চলছিল, দীপিকা নিজেই তাঁর কড়া জবাব দিয়েছেন। আসলে রণবীরের 'ধুরন্ধর ২' মুক্তি পাওয়ার পর দীপিকা সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করেননি। এমনকী তাঁকে প্রিমিয়ারেও দেখা যায়নি। যা দেখেই নেটাগরিকরা রটিয়ে দেন যে, স্বামী-স্ত্রীর মধ্যে হয়তো দূরত্ব তৈরি হয়েছে বা দীপিকা রণবীরের সাফল্যে খুশি নন। এপ্রসঙ্গে সম্প্রতি সোজাসাপ্টা উত্তর দিয়েছেন 'পিকু'। তিনি জানান যে, দর্শক বা সমালোচকরা দেখার অনেক আগেই তিনি সিনেমাটি দেখে ফেলেছেন। তিনি রসিকতা করে বলেন যে, যারা তাকে নিয়ে সমালোচনা করছে তারাই এখন হাসির পাত্র। দীপিকা বুঝিয়ে দিয়েছেন, ব্যক্তিগত জীবনে রণবীরের পাশে থাকার জন্য সব সময় ইন্টারনেটে পোস্ট দেওয়ার প্রয়োজন নেই। তাঁরা পর্দার আড়ালে একে অপরের সঙ্গে পাশে রয়েছেন।
'শক্তিশালিনী'-তে ডাবল রোলে অনীত
মোহিত সুরির ‘সাইয়ারা’ ছবিতে দর্শকের মন জয় করেছেন অনীত পাড্ডা। বর্তমানে তাঁর অনুরাগীর সংখ্যাও কম নয়। এবার তাঁকে নতুনভাবে দেখা যাবে। ‘ম্যাডক হরর-কমেডি ইউনিভার্স’র আগামী ছবি ‘শক্তিশালিনী’তে থাকছেন তিনি। আর এই সিনেমায় একইসঙ্গে দুটি চরিত্রে অভিনয় করবেন অনীত। গল্পে দেখা যাবে, এক সাধারণ মেয়ে তার পরিবারকে অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে দেবী কালীর শক্তিরূপ ধারণ করছে। মুম্বইয়ে বাংলার একটি ছোট শহরের মতো সেট বানিয়ে শুটিং শুরু হয়েছে। এরপর মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় শুটিং করা হবে। ছবিটি পরিচালনা করছেন ‘মুঞ্জিয়া’ খ্যাত পরিচালক আদিত্য সরপোতদার। অনীত পাড্ডা ছাড়াও এতে অভিনয় করছেন বিশাল জেঠওয়া এবং ভিলেন হিসেবে থাকছেন বিনীত কুমার সিং। সব ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পেতে পারে।
কেন ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এর এপিসোড মুছতে বাধ্য হন সময় রায়না?
জনপ্রিয় কমেডিয়ান সময় রায়না তাঁর শো 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট' নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। তিনি জানিয়েছেন, আইনি জটিলতার কারণে তাঁর শো-এর কিছু ভিডিও ডিলিট করতে হয়েছে। সময় রায়না সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে জানান যে, তাঁর শো-এর এডিটরকে পুলিশ গ্রেফতার করেছিল। সেই কারণেই তিনি বাধ্য হয়ে ইউটিউব থেকে কিছু এপিসোড সরিয়ে ফেলেছেন। শো-এর কোনও একটি নির্দিষ্ট কন্টেন্ট বা জোকস নিয়ে আইনি সমস্যা তৈরি হয়েছিল। যখন তাঁর টিমের সদস্য বিপদে পড়েন, তখন সময় নিজের জেদ ধরে না রেখে ভিডিওগুলো মুছে ফেলার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, "আমি বিতর্ক ভয় পাই না, কিন্তু যখন আমার টিমের লোক বিপদে পড়ে, তখন আমাকে পিছু হটতে হয়।" মূলত এডিটরের নিরাপত্তার কথা ভেবেই তিনি এই বড় সিদ্ধান্ত নিয়েছেন।















