সারা বিশ্বের ফ্যাশন দুনিয়ার নজর এখন মেট গালা ২০২৬-এর দিকে। প্রতিবারের মতো এবারও নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এর লাল গালিচায় বসতে চলেছে তারকার মেলা। তবে এবারের মেট গালা ভারতীয়দের জন্য একটু বেশিই স্পেশাল। কেন? কারণ, বিদেশের মাটিতে এবার একঝাঁক দেশি তারকার সমাগম হতে চলেছে, যার তালিকায় রয়েছে বেশ কিছু বড় চমক।
সবচেয়ে বেশি চর্চা হচ্ছে দীপিকা পাড়ুকোনকে নিয়ে। অভিনেত্রীর দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই লাইমলাইটে রয়েছেন তিনি। গুঞ্জন, 'প্রেগন্যান্সি গ্লো' নিয়ে দীপিকা এবার মেট গালার রেড কার্পেটে হাঁটবেন। যদিও এখনও পর্যন্ত এই খবরে সিলমোহর দেননি দীপিকা। তবে মেট গালার রেড কার্পেটে যদি দীপিকা হাঁটেন তাহলে মাতৃত্বকালীন ফ্যাশনে তিনি যে নতুন কোনও ট্রেন্ড সেট করবেন, তা বলাই বাহুল্য।
চমকের শেষ এখানেই নয়। শোনা যাচ্ছে, বলিউডের পরিচালক, প্রযোজক করণ জোহরও এবার মেট গালায় আমন্ত্রণ পেয়েছেন। ফ্যাশন নিয়ে করণের সচেতনতা এবং ভালবাসা কারওর অজানা নয়। আন্তর্জাতিক এই মঞ্চে তাঁর উপস্থিতি বলিপাড়ার গ্ল্যামারকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। এছাড়াও আলিয়া ভাট এবং প্রিয়াঙ্কা চোপড়ার নাম তো রয়েইছে, যারা নিয়মিতভাবে আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও এবারের চমক হিসেবে থাকতে পারেন আম্বানি পরিবারের সদস্য ঈশা আম্বানি।
প্রসঙ্গত, গত বছর ২০২৫ সালে মেট গালায় 'বেবি বাম্প' প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী কিয়ারা আদবানি। তাঁর লুক নজর কেড়েছিল দর্শক মহলের। অনুরাগীদের প্রশংসায় ভেসেছিলেন তিনি। এবার পালা দীপিকা পাড়ুকোনের। দ্বিতীয়বার মা হওয়ার অনুভূতি নিয়ে লাল গালিচায় কোন রূপে ধরা দেন তিনি, এখন সেটাই দেখার।















