রবিবার সকাল সকাল চমক দিয়েছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। 'ধুরন্ধর ২' ছবিটির তুমুল সাকসেসের পরও যখন দীপিকা পাড়ুকোনকে কোথাও দেখা যায়নি অভিনেতার সঙ্গে, কোনও পোস্ট করেননি তখন জল্পনা রটে তাঁদের বিচ্ছেদের। কিন্তু সেসবকে বুড়ো আঙুল দেখিয়ে এদিন এই তারকা জুটি জানাল তাঁদের দ্বিতীয় সন্তান আসছে।
মেয়ে দুয়ার সবে দেড় বছর বয়স, এর মধ্যেই দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। তবে তাই বলে এখনই তিনি কাজ থামাননি। বরং তাঁর আগামী ছবি 'রাকা'র শুটিং করছেন।
অ্যাটলি পরিচালিত 'রাকা' ছবিটিতে আগামীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সদ্যই অভিনেত্রী সেই ছবির শুটিং শুরু করেছেন। তাঁর বিপরীতে থাকবেন আল্লু অর্জুন। সূত্রের তরফে জানা গিয়েছে, গর্ভাবস্থাতেই দীপিকা 'রাকা' ছবির দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন। ইতিমধ্যেই এই ছবির রিলিজ ডেট ঘোষিত হয়ে গিয়েছে। ফলে টাইট শিডিউলের মধ্যে এই ছবির শুটিং হচ্ছে। আর সেই শিডিউল মেনে চলে চান দীপিকা। গর্ভবতী হয়েছেন বলে শুটিং পিছোতে চাননি তিনি।
এমনকী 'কিং' ছবিতেও আগামীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। শাহরুখ খানের আগামী ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করবেন তিনি। সেই ছবিরও বেশ কিছু অংশ এখনও শুটিং করা বাকি তাঁর। জানা গিয়েছে গর্ভাবস্থাতেই তিনি এই দুই ছবির কাজ শেষ করবেন। 'কিং' ছবিতে শাহরুখ খান, দীপিকা ছাড়াও থাকবেন যিশু সেনগুপ্ত, সুহানা খান, প্রমুখ।
২০২৪ সালে মেয়ে দুয়ার জন্ম দেন অভিনেত্রী। ৪০ বছর বয়সে ফের মা হচ্ছেন তিনি। মেয়ের বয়স দু'বছর হওয়ার আগেই দ্বিতীয় সন্তান আসছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ঘরে। রবিবার সকালে দীপিকা একটি পোস্ট করেন সেখানে তাঁদের মেয়ে দুয়ার হাতে একটি প্রেগন্যান্সি কিট ধরে থাকতে দেখা যাচ্ছে।
কিছুদিন আগেই দীপিকা আট ঘণ্টা শুটিংয়ের দাবিতে আওয়াজ তুলেছিলেন। সেই নিয়ে কম জলঘোলা হয়নি বলিউডে। অনেকেই অভিনেত্রীর এই দাবিকে ন্যায্য বলে সমর্থন করেছিলেন। কেউ আবার বিপক্ষেও কথা বলেছিলেন। দীপিকা পরিবার ও সন্তানকে সময় দেওয়ার জন্য এই শুটিংয়ের সময়সীমা বেঁধে দেওয়ার আবেদন করেছিলেন। শোনা যায়, সেই কারণেই নাকি 'কল্কি ২'-এর মতো একাধিক বড় বাজেটের ছবি থেকে বাদ পড়েছেন তিনি।















