বলিউডের বহুল আলোচিত ও প্রতীক্ষিত ছবি নিতেশ তিওয়ারির 'রামায়ণ' নিয়ে চারদিকে উন্মাদনা তুঙ্গে। ছবির কাস্টিং থেকে শুরু করে বিভিন্ন চরিত্র রূপায়ন নিয়ে নানা মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। এর মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন বর্ষীয়ান অভিনেত্রী দীপিকা চিখালিয়া। 

রামানন্দ সাগরের কালজয়ী ধারাবাহিক 'রামায়ণ'-এ 'সীতা'র চরিত্রে অভিনয় করে দর্শক মহলে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে 'রামায়ণ' ছবিটি প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী। নতুন এই ছবিতে দক্ষিণী তারকা সাই পল্লবীকে 'সীতা'র চরিত্রে কাস্ট করা প্রসঙ্গে তিনি নিজের মতামত ব্যক্ত করেছেন, যা নিয়ে এখন জোর চর্চা চলছে বিনোদন জগতে।

সাই পল্লবীর অভিনয়ের প্রশংসা করলেও তাঁর লুক নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন দীপিকা। তিনি এক সাক্ষাৎকারে জানান যে, সাই পল্লবী একজন অসাধারণ অভিনেত্রী সন্দেহ নেই, তবে তাঁকে সীতার চরিত্রে বড়পর্দায় ঠিক কেমন লাগবে, তা ছবি মুক্তির পরেই পরিষ্কার হবে। তুলসীদাসের রচিত রামায়ণে সীতার রূপ ও শারীরিক গঠনের যে বর্ণনা পাওয়া যায়— যেমন কাঠবাদামের মতো চোখ, নির্দিষ্ট উচ্চতা, চুল— সেই মানদণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। তাঁর কথায়, রামানন্দ সাগর ঠিক সেই ধরনের রূপের খোঁজেই ছিলেন এবং তা তাঁর মধ্যে খুঁজে পেয়েছিলেন।

সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে দীপিকার একটি নির্দিষ্ট মন্তব্যকে কেন্দ্র করে। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, মূল ধর্মগ্রন্থে বা রামায়ণে কোথাও সীতার কোঁকড়ানো চুলের কোনও উল্লেখ নেই। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন যে, মহামারী বা লকডাউনের সময় দূরদর্শনে সম্প্রচারিত হওয়ার পর পুরনো 'রামায়ণ' এই প্রজন্মের কাছেও নতুন করে পৌঁছেছিল। তখনও সেটা আগের মতোই জনপ্রিয়তা পেয়েছিল। দীপিকা অবশ্য এই নতুন ছবির পুরো টিমকে শুভকামনা জানিয়েছেন।