সদ্যই প্রকাশিত হয়েছে সিবিএসই ক্লাস ১২ -এর রেজাল্ট। আর তাতে চমকপ্রদ ফল করেছেন অভিনেত্রী দেবপ্রিয়া বসু। সামগ্রিক ভাবে কত শতাংশ নম্বর পেয়েছেন পর্দার হবু 'দুলারী', আগামীতে কী নিয়ে পড়বেন, সবটাই আজকাল ডট ইনের সঙ্গে ভাগ করে নিলেন দেবপ্রিয়ার দিদি, তথা অভিনেত্রী দেবাদৃতা বসু।
বোন কেমন রেজাল্ট করেছে জানতে চাইলে দেবাদৃতা জানান, দেবপ্রিয়া ওভারঅল ৮৭ শতাংশ পেয়েছেন। 'কমলা নিবাস' ধারাবাহিকের 'পল্লবী' বলেন, "আমরা সবাই ভীষণ খুশি। ও স্কুলের মধ্যে তৃতীয় হয়েছে। খুবই ভাল রেজাল্ট করেছে। ওভারঅল ৮৭ শতাংশ পেয়েছে।"
আগামীতে কী নিয়ে পড়তে চান দেবপ্রিয়া? এই বিষয়ে দেবাদৃতা বলেন, "এখনও স্থির করেনি। তবে ও অনেকদিন ধরেই বলছিল, ইংলিশ অনার্স নিয়ে পড়তে চায়। নইলে মিডিয়া সায়েন্স। ফলে এখন এটা নিয়ে একটু ভাবনাচিন্তা করছে।"
একদিকে ক্লাস ১২ -এর পরীক্ষায় এত ভাল রেজাল্ট। অন্যদিকে শীঘ্রই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন দেবপ্রিয়া। এতদিন তাঁকে পার্শ্ব চরিত্রেই দেখা গিয়েছে। এবার সোজা নায়িকা। বাড়ির সবার কী প্রতিক্রিয়া, দিদি হিসেবে কোনও টিপস দিয়েছেন কিনা জানতে চাইলে দেবাদৃতা বলেন, "ভীষণ উত্তেজিত আমরা সবাই। ইমোশনাল হয়ে পড়ছি। এত ভাল রেজাল্ট করেছে, আবার শীঘ্রই একটা ভাল কাজ শুরু হতে চলেছে। সবটা মিলিয়েই আমরা খুব খুশি।" তাঁর আরও সংযোজন, "না কোনও টিপস দিইনি। ওর নিজের যা ট্যালেন্ট আছে সেটা যথেষ্ট। আমাকে আর আলাদা করে টিপস দিতে হয়নি।"
প্রসঙ্গত, জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'দুলারী'। স্বর্ণেন্দু সমাদ্দারের প্রযোজনা সংস্থা ক্রেজি আইডিয়াজ মিডিয়ার ব্যানারে দেখা যাবে এই ধারাবাহিককে। সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে ধারাবাহিকের আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। নাম প্রকাশের প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে গ্রামের রাস্তায় একটা বাস দাঁড়িয়ে। ধূ ধূ প্রান্তরে যেন কেউ অপেক্ষায় আছে দিনের সেই শেষ বাসটার। ধারাবাহিকের নাম ঘোষণা হতেই হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নতুন মেগার নায়ক-নায়িকা কারা হচ্ছেন সেটা জানতেই উদগ্রীব হয়ে ওঠেন সকলে? আজকাল ডট ইনের তরফেই জানানো হয়, এই ধারাবাহিকে নায়িকার ভূমিকায় দেখা যাবে দেবপ্রিয়াকে। এর আগে তাঁকে স্টার জলসার ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'র 'সোনা'র চরিত্রে দেখেছিলেন দর্শক। কয়েক দিনের মধ্যেই শুটিং শুরু হতে চলেছে এই ধারাবাহিকের। জানা যাচ্ছে, প্রথমদিকে পুরুলিয়ায় আউটডোর শুটিংয়ে যাচ্ছে 'দুলারী'র টিম। দেবপ্রিয়াকে দেখা যেতে চলেছে ছাপোষা গ্রাম্য মেয়ের চরিত্রে। যার চোখে থাকবে অনেক স্বপ্ন। সেই স্বপ্নপূরণ কীভাবে হবে, সেটাই দেখা যাবে ধারাবাহিকে। তবে নায়ক হিসেবে কাকে দেখা যাবে এই ধারাবাহিকে সেটা এখনও স্পষ্ট নয়।
দেবপ্রিয়ার পরিবারও অভিনয়ের সঙ্গে যুক্ত। তাঁর দিদি দেবাদৃতা বসু এই মুহূর্তে জি বাংলার ধারাবাহিক 'কমলা নিবাস'-এর 'পল্লবী'র চরিত্রে অভিনয় করছেন। টলিপাড়ার এই দুই বোনকে সোশ্যাল মিডিয়াতেও নিয়মিত দেখেন দর্শক। তাঁদের বাবা সঞ্জয় বসুও জনপ্রিয় অভিনেতা।















