কিছু দিন আগে আত্মহননের চেষ্টা করে খবরের শিরোনামে উঠে আসেন গায়িকা দেবলীনা নন্দী। সেই ঘটনার পর জল অনেক দূর গড়িয়েছে। এদিন আবারও সমাজমাধ্যমে একটি ইঙ্গিতবহ পোস্ট করেন দেবলীনা। 

নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টার পর অনেকেই তাঁর পরিবার, শিক্ষা ইত্যাদি বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। কেন তিনি অশান্তির সময় পুলিশের দ্বারস্থ হননি সেটাও জানতে চেয়েছেন। এদিন একটি লম্বা পোস্ট সেই কটাক্ষের জবাব দেন দেবলীনা। জানান তাঁর পরিবারের ইতিহাসের কথা থেকে তিনি কেন প্রবাহ অর্থাৎ তাঁর স্বামী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেননি। 

দেবলীনা এদিন তাঁর পোস্টে লেখেন, 'একটা কথা বলতে চাই। অনেকেই গুজবে কান দিয়ে হাজারটা কথা বলছ। আর তাছাড়াও আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলছ। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, বস্তির মেয়ে নই আমি, বা আমার ফ্যামিলির দূর দুরন্ত কারওর বস্তিতে যেতে হয়নি। তাছাড়া অনেক ভাল ভাল শিল্পী বস্তি থেকেই উঠে এসছেন, শিল্পী বলে কোনও ক্লাস নেই ? ভবানীপুরের মতো জায়গায় বাবাদের নিজের বাড়ি। কিন্তু পরিস্থিতি সবার সমান যায় না। রাজার ফকির হতে সময় লাগে না। সেই পরিস্থিতি আমাদের হয়েছিল। কিন্তু ঘুরে দাঁড়িয়েছি আবার অনেক কষ্ট করে। তেমনই হঠাৎ করে ফ্যামিলিতে যে কোনও একজন ভাল চাকরি করছে বলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভাল হয়ে যায় না। ১২ ক্লাস পাশ করেও সেই নাম করা চাকরি করা যায়। সুতরাং সেই দিক থেকে দয়া করে বিচার না করাই ভাল।' বলাই বাহুল্য তিনি এখানে নাম না করলেও নিজের সঙ্গে তাঁর স্বামী প্রবাহ এবং তাঁর পেশার তুলনা টেনেছেন। পেশায় প্রবাহ পাইলট।

দেবলীনা তাঁর পোস্টে আত্মহননের বিষয়েও উল্লেখ করেছেন। লেখেন, 'আর এবার আসি, জেনে শুনে ভুলটা আমি করেছিলাম। মানসিক, শারীরিক অত্যাচার অনেক সয়েছি। আমার বাড়ি নয় বলে বের করে দেওয়া হয়েছে। তারপরেও থানায় না গিয়ে অপেক্ষা করেছি প্রায় ২ মাস, যদি আমার ভালবাসার দাম দিয়ে আমাকে আবার ডাকে। কিন্তু আমাদের সমাজের মেন্টালিটি সেট। এখানে ভিকটিম দোষী, আর দোষীরা নিষ্পাপ। তাছাড়া সেই মানুষগুলোকে একটা কথা বলতে চাই, রোজ যারা আমাদের জাত বিচার করে, উপরে ভগবান আছে। কে ঠিক কে ভুল সময় তার প্রমাণ দেবে।'