বছরের শুরুতেই খবরের শিরোনাম কেড়েছিলেন দেবলীনা নন্দী। গায়িকার আত্মহত্যার চেষ্টা সমাজমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। সেই সময় দেবলীনার ব্যক্তিগত জীবন নিয়েও অনেক কাটাছেঁড়া চলেছিল।‌ তবে সবকিছুকে পিছনে ফেলে আবার নতুন জীবন শুরু করেছেন গায়িকা। কিন্তু এর মধ্যেই আবার 'মন খারাপ'-এর বার্তা দিলেন দেবলীনা। 

দেবলীনা লিখেছেন, 'সত্যি কারের বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। প্রকৃত বন্ধু সেই যে বার বার সাহায্য করে কথা শোনায় না। যে বাইরের লোকের কাছে তোমার বদনাম করে না। যে একটা সাহায্যের গল্প বাইরের হাজারটা লোকের কাছে বলে বেড়ায় না। যে নিজের অপছন্দের লোকেদের সাথে কথা বলতে বারণ করে কিন্তু আবার নিজের সুবিধা মতো নিজেই সেখানে ঘটি ডোবায় না 
আমার দূর্ভাগ্য এই যে এইরূপ প্রকৃত বন্ধু আমার কেউ নেই। যে বা যারা আছে বেশিরভাগ লোক দেখানো,মহান সাজার জন্য সবার কাছে ,আর আমার খারাপ সময়ে আরও আমাকে মাটির তলায় ঢুকিয়ে দেওয়ার মতো কাজ করেও ভুল কখনও বুঝতে পারে না, বা মানেও না,উল্টে নিজের কাজের জন্য নিজেকে দোষী না করে অন্য সবাই কে দোষী বলে। সে আর কিই বা বন্ধু।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)

কিন্তু এই পোস্টে কোন বন্ধুকে ইঙ্গিত করলেন দেবলীনা? যদিও কারওর নাম উল্লেখ করেননি তিনি। দেবলীনার কাছের বন্ধুদের মধ্যেই কি কেউ বিশ্বাসঘাতকতা করেছে তাঁর সঙ্গে? এই নিয়েই প্রশ্ন উঠছে নেটপাড়ায়। 

প্রসঙ্গত, রাণা সরকারের প্রযোজনায় মহুয়া রায়চৌধুরীর বায়োপিক 'গুনগুন করে মহুয়া'য় প্লেব্যাক করবেন দেবলীনা নন্দী। এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। দেবলীনার নতুন ইনিংস শুরুর খবরে প্রশংসায় ভরিয়েছিলেন তাঁর অনুরাগীরা।