কেটে গিয়েছে প্রায় ২০ বছর। মেয়েকে হারিয়ে ফেলেছে শুভলক্ষ্মী। হাজার খুঁজেও তাকে পায়নি শুভলক্ষ্মী। বোঝাই যাচ্ছে, স্টার জলসার ধারাবাহিক 'গৃহপ্রবেশ' এগিয়ে গিয়েছে কুড়ি বছর। অর্থাৎ গল্পে বড়সড় লিপ এসেছে। ধারাবাহিকের গল্পে এবার শুভলক্ষ্মীর মেয়েকেও দেখানো হচ্ছে। এই চরিত্রে গল্পে এন্ট্রি নিয়েছেন অভিনেত্রী স্বপ্নিলা চক্রবর্তী। 


এখন স্বপ্নিলার চরিত্র 'আরিয়া'কে নিয়েই এগোচ্ছে গল্প। ইতিমধ্যেই দর্শকদের কাছ থেকে ভালবাসা পাচ্ছে গল্পের এই নতুন মোড়। টলিপাড়ার অন্দরের খবর, এবার আরিয়ার নায়ক হয়ে ধারাবাহিকে আসছেন এক পরিচিত মুখ। সূত্রের খবর, নতুন নায়কের চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা দেবদত্ত রাহাকে। ইতিমধ্যেই শুটিং শুরু করেছেন দেবদত্ত। আর কিছুদিনের মধ্যেই সম্প্রচারিত হবে সেইসব পর্ব। 


দেবদত্তকে এর আগে দর্শক দেখেছেন ওটিটির পর্দায়। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর পরিচালনায় 'হোক কলরব'। সেই ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। তবে এটাই দেবদত্তর প্রথম ধারাবাহিকে কাজ। স্বপ্নিলার সঙ্গেও জুটি বেঁধে এই প্রথমবার দর্শক দেখবেন তাঁকে। 

এতদিন 'গৃহপ্রবেশ'-এর গল্পে শুভলক্ষ্মী ও আদৃতের জীবনের নানা টানাপোড়েনের সাক্ষী থাকতেন দর্শক। তবে এই ২০ বছরের লিপের ফলে গল্পে বেশ পরিবর্তন এসেছে। এখন নতুন নায়ক-নায়িকা আসায় টিআরপিতে কতটা প্রভাব ফেলে এই মেগা সেটাই দেখার। 


প্রসঙ্গত, এই মুহূর্তে ধারাবাহিকে দেখা যাচ্ছে কলেজ পড়ুয়া আরিয়ার উপর এক অদ্ভুত স্নেহ কাজ করছে শুভর। আরিয়ার প্রতি যেন মায়া পড়ে গিয়েছে তার। কিন্তু কেন এমন হচ্ছে, তা যদিও নিজেই বুঝতে পারছে না শুভ। তার সঙ্গে অদ্ভুত মিল আরিয়ার। আরিয়াও তার মতোই রান্নার গন্ধ শুঁকে চিনতে পেরে যায় তাতে কোন মশলা আছে। শুভলক্ষ্মীর মতো তারও মাশরুমে অ্যালার্জি আছে। এইসব মিল লক্ষ্য করে আদৃতও। এমন অদ্ভুত সব মিল দেখে তার মনেও খটকা লাগে। এদিকে, শুভলক্ষ্মীকে মোটেই পছন্দ করে না আরিয়া। কিন্তু এখন তাদের বাড়িতেই থাকতে শুরু করেছে সে‌। হারিয়ে যাওয়া মেয়েকে কাছে পেয়েও চিনতে পারে না শুভ। মা-মেয়ের সম্পর্কটাও এখন বড্ড জটিল। এমন সময়ে ধারাবাহিকে নতুন নায়কের উপস্থিতিতে গল্পে যে বেশ টুইস্ট আসবে তা বোঝাই যাচ্ছে।