বলিউডের হাসির জাদুকর, ‘কমেডি কিং’ ডেভিড ধাওয়ান কি তবে পরিচালনা থেকে বিদায়বেলার প্রস্তুতি নিচ্ছেন? দীর্ঘ কেরিয়ারে ‘বিবি নম্বর ১’ বা ‘মুঝসে শাদি করোগি’-র মতো ব্লকবাস্টার উপহার দেওয়া এই পরিচালক সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর অবসরের ইঙ্গিত দিয়েছেন। এর মাঝেই সামনে এল তাঁর পরবর্তী ছবি ‘হ্যাঁ জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর মুক্তির তারিখ পরিবর্তনের খবর।
বলিউডের কমেডি ঘরানার অন্যতম কাণ্ডারি ডেভিড ধাওয়ান। তাঁর পরিচালনায় হাসি আর বিনোদনের জোয়ারে ভেসেছে দর্শক। কিন্তু এবার যেন এক যুগের সমাপ্তি ঘটার ইঙ্গিত দিলেন পরিচালক নিজেই। ছেলে বরুণ ধাওয়ান অভিনীত ‘হ্যাঁ, জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ মুক্তির দোরগোড়ায় দাঁড়িয়ে ডেভিড জানালেন, স্বাস্থ্যজনিত কারণে এটিই হতে পারে তাঁর পরিচালনায় শেষ ছবি।
সম্প্রতি, দেওয়া সাক্ষাৎকারে ডেভিড ধাওয়ান স্পষ্ট বলেছেন, “আমি মনে করি না এরপর আমার আর কিছু করা উচিত। স্বাস্থ্যের যা অবস্থা, তাতে আমি আর কাজ করতে চাই না। এই ছবিটাই আমার শেষ হতে পারে। এরপর আমি শুধুই বরুণের বাবা হয়ে থাকব।” ছবির শুটিং চলাকালীনই এক কঠিন অভিজ্ঞতার কথা জানালেন পরিচালক। বললেন, “শুটিংয়ের চতুর্থ দিনেই আমায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। বরুণ সেই সময়ে আমার দারুণ যত্ন নিয়েছে। ও পুরো সময়টা ডাক্তারদের সঙ্গে যোগাযোগ রেখেছিল। ও একজন সম্পূর্ণ ফ্যামিলি ম্যান।”
ডেভিড ধাওয়ানের এই ছবি নিয়ে উত্তেজনার মাঝে এল এক নতুন আপডেট। মূলত যশ অভিনীত ‘টক্সিক’ ছবির মুক্তির তারিখ ৪ জুন বদলে যাওয়ায়, তার প্রভাবেই কিছুটা পিছিয়ে দিতে হয়েছে ‘হ্যাঁ জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর মুক্তির দিন। টিপস ফিল্মসের রমেশ তৌরানি জানিয়েছেন, পরিস্থিতি বিচার করেই ৫ জুনের পরিবর্তে ১২ জুন ছবিটি মুক্তি পাবে।
তবে ১২ জুনের এই মুক্তির দিনটি বক্স অফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। ওই একই দিনে মুক্তি পাচ্ছে ইমতিয়াজ আলির ছবি ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’, যাতে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ, শর্বরী এবং বেদাঙ্গ রায়না। ফলে বক্স অফিসে এক জমজমাট টক্কর দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা।
বরুণ ধাওয়ানের সঙ্গে বারবার কাজ করা নিয়ে ডেভিড বলেন, “একজন পরিচালক সবসময় ভাল অভিনেতা খোঁজে। বরুণের সঙ্গে আমার টিউনিংটা দারুণ। ও আমার বাড়ির সন্তান বলেই কাজ করবে এমন নয়, ও প্রশ্নও করে, ওর সেই অধিকার আছে। ১৩-১৪টা ছবিতে ও অভিনয় করে ফেলেছে। তাই আমার যতদিন কাজ করার সুযোগ আছে, ছেলের সঙ্গে কাজ করে যাওয়াটা সব সময়ই আনন্দদায়ক।”
এখন দেখার পালা, ডেভিড ধাওয়ানের এই সম্ভাব্য শেষ ছবিটি বক্স অফিসে কতটা জায়গা করে নিতে পারে।















