কিছুদিন আগেই নতুন প্রতিপক্ষ এসেছে জি বাংলার ধারাবাহিক 'দাদামণি'র। এতদিন রাত নটার স্লটে সম্প্রচারিত হত এই মেগা। ১০ মার্চ, মঙ্গলবার থেকে স্টার জলসায় এসেছে নতুন ধারাবাহিক 'গঙ্গা'। রাত নটার স্লটে এই ক'দিন দুই মেগা দু'জনের প্রতিপক্ষ ছিল। গত সপ্তাহে গঙ্গা টিআরপিতে জায়গা করে নিয়েছিল। এদিকে, চলতি সপ্তাহেই বিরাট বদল আসছে 'দাদামণি'তে। ফের বদলে যাচ্ছে এই ধারাবাহিকের স্লট। ২৭ মার্চ থেকে রাত ১১:০০ সম্প্রচারিত হবে এই মেগা। হঠাৎ কেন আবার এই বদল? জানা যাচ্ছে, জি বাংলার আসন্ন দুই মেগা 'কমলা নিবাস' ও 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'-দের স্লট দেওয়ার জন্যই নাকি এই বদল। যদিও অনেকেই মনে করছেন যে, এই বদল নাকি 'দাদামণি' শেষ হবে বলেই করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও চূড়ান্ত খবর পাওয়া যায়নি।

ইতিমধ্যেই নতুন সম্প্রচারের সময় ঘোষণা হয়েছে 'দাদামণি'র। একেই এখন‌ প্রতিটি ধারাবাহিকের টিআরপি-ই শেষ কথা। সেক্ষেত্রে ঘন ঘন এই স্লট পরিবর্তন হওয়ার ফলে রেটিং চার্টে কি প্রভাব পড়বে? এখন সেটাই দেখার।

প্রসঙ্গত, 'দাদামণি'তে নায়ক-নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা প্রতীক সেন ও অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তীকে। কিছুদিন আগে যখন 'গঙ্গা' নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে এসেছিল, তখন কি চাপ বেড়েছিল তাঁদের উপর? 

আজকাল ডট ইন-এর প্রশ্নে অনুষ্কা বলেছিলেন, "আমি যখন ছবি করেছি, সিরিজ করেছি তখনই মনে মনে ভেবে নিয়েছিলাম নিজের সেরাটা দেওয়া ছাড়া আমার আর কোনও কাজ নেই। ক'টা টিকিট বিক্রি হল, ক'টা শো পেল, বা কত টিআরপি হল, এসব প্রযোজনা সংস্থার দায়ভার। আমি, আমরা প্রত্যেকেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। এবারও তাই-ই করব। কিন্তু তাই বলে কি আমাদের চিন্তা হয় না? অবশ্যই হয়। কিন্তু সেটা পিছনে ফেলে কাজটা যতটা সম্ভব ভাল করে করার চেষ্টা করি।"

অনুষ্কা আরও বলেছিলেন, "এর আগে যখন সাড়ে আটটার স্লট ছিল তখন আমাদের উল্টোদিকে ছিল রাজ রাজেশ্বরী রাণী ভবানী। বেশ কয়েকবার সেই ধারাবাহিক বেঙ্গল টপার হয়েছে। এরপর চিরসখার সঙ্গে আমাদের স্লট দেওয়া হয়, তখন কয়েকবার আমরা স্লট লিড করি, এখন আসছে গঙ্গা এবার দেখা যাক কী হয়। আসলে এসব তো খেলার মতো। টিআরপির ওঠাপড়া তো থাকবেই। নতুন ধারাবাহিক আসা মানে আমি মনে করি আমাদের প্রতিপক্ষ নয়, বরং ইন্ডাস্ট্রিতে নতুন সংযোজন।"