এই বছর 'দাদাগিরি'তে আর দেখা যাবে না সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বিগত প্রায় এক দশক ধরে 'দাদাগিরি' এবং সৌরভ গঙ্গোপাধ্যায় যেন সমার্থক হয়ে উঠেছিলেন। কিন্তু যেই জানা যায়, এবার 'দাদাগিরি'র সঞ্চালনার গুরুভার আর তিনি সামলাবেন না, বরং স্টার জলসার 'বিগ বস বাংলা'র সঞ্চালনার দায়িত্বে থাকবেন তখন অনেকেরই মনে হয়েছিল তবে কি আর 'দাদাগিরি' হবে না? বলাই বাহুল্য বাংলার এটি অন্যতম চর্চিত এবং পছন্দের কুইজ শো। হতাশ হয়েছিলেন দর্শকরা। তবে তারপরই জানা যায়, স্বমহিমায় ফিরছে এই শো, বদলে যাচ্ছে সঞ্চালক। এবার প্রকাশ্যে এল 'দাদাগিরি'র প্রোমো। 

বুধবার, ৩ জুন যখন একদিকে 'বিগ বস বাংলা'র প্রোমো প্রকাশ্যে এল, তখন আরও একদিকে প্রকাশ্যে এল 'দাদাগিরি'র প্রোমো। দুইয়ের মধ্যে যে জোর টক্কর বাঁধবে সেটা স্পষ্ট। এদিন 'দাদাগিরি'র প্রোমো দর্শকদের মনের কথাই যেন তুলে ধরেছে। সৌরভ গঙ্গোপাধ্যায় যে এই শো আর করবেন না, শো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, সেই সংক্রান্ত খবর সবটাই প্রোমোতে ফুটে উঠল। একই সঙ্গে ঘোষণা করা হল, 'নতুন বাংলায় আসছে নতুন দাদাগিরি'। 

তবে এদিন প্রথম ঝলক প্রকাশ্যে এলেও, কবে থেকে এই শো শুরু হবে, ক'টার সময় দেখা যাবে সেগুলো জানানো হয়নি। তবে হ্যাঁ, অডিশন শুরুর দিনক্ষণ জানানো হয়েছে। ১২ জুন থেকে অডিশন শুরু হচ্ছে 'দাদাগিরি'র। আর প্রথম অডিশন হবে শিলিগুড়িতে। 

'দাদাগিরি'র এবারের সিজনের সঞ্চালনার দায়িত্বে থাকবেন দেব। ইতিমধ্যেই তিনি প্রোমো শুট করে ফেলেছেন। যদিও এখনও সেটা চ্যানেলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। তবে সেটা না হলেও, জি বাংলার তরফে তাদের আসন্ন ধারাবাহিক এবং শোয়ের একটি কোলাজ ভিডিও সম্প্রতি প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে এক ঝলক 'দাদাগিরি' এবং দেবকে দেখা গিয়েছে। প্রাসাদ-সমান বাড়ির ড্রয়িং রুম। ক্যামেরার দিকে উলটো দিকে পিঠ করে দাঁড়িয়ে রয়েছেন দেব। তাঁর মুখ দেখা না গেলেও, দর্শকরা ঠিকই চিনে ফেলেছেন তাঁকে। বলাই বাহুল্য, এই তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই মেগাস্টারের অনুরাগীরা মুখিয়ে রয়েছেন তাঁকে নতুন ভূমিকায় দেখার জন্য। তিনি কীভাবে আর কতটা এই শো জমান সেটাই এখন দেখার পালা। অতীতে মিঠুন চক্রবর্তীকে একবার 'দাদাগিরি'র সঞ্চালক হিসেবে দেখা গেলেও, সেই সিজন অত জনপ্রিয় হয়নি। এবার কী ঘটে সেদিকেই নজর থাকবে।