মা হলেন চিত্রাঙ্গদা। অভিনেত্রী সদ্যই সন্তানের জন্ম দিয়েছেন। তবে পরিবারের গোপনীয়তা বজায় রাখতে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ঋতাভরী চক্রবর্তী মাসি হলেন। কিন্তু ছেলে হল না মেয়ে? 

পরিবারের তরফে এখনও ঘোষণা করা হয় এ চিত্রাঙ্গদার ছেলে হয়েছে না মেয়ে। তবে শোনা যাচ্ছে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। তবে আনুষ্ঠানিক ঘোষণা না করা হলেও সম্প্রতি সমাজমাধ্যমে ঋতাভরী এবং চিত্রাঙ্গদার মা শতরূপা সান্যাল একটি পোস্ট করে লেখেন, 'যা ছিল কল্পমায়া সে কি আজ ধরল কায়া?' এই দেখেই অনেকেই অনুমান করছেন যে এই খবর সত্যি। শতরূপার এই পোস্টে বহু মানুষ তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ জানিয়েছেন যে পুত্র সন্তান হয়েছে চিত্রাঙ্গদার। তাতে রিঅ্যাক্ট করেছেন অভিনেত্রীদের মা।

অনেকদিন ধরেই চিত্রাঙ্গদার প্রেগন্যান্সি নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে ৫ মার্চ সেই জল্পনায় সিলমোহর দেন অভিনেত্রী নিজেই। সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি শেয়ার করে তিনি এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিশেষ ছবি পোস্ট করেন চিত্রাঙ্গদা। ছবিতে দেখা যায়, সমুদ্রের ধারে দাঁড়িয়ে রয়েছেন তিনি। আর সামনে হাঁটু গেড়ে বসে ভালবাসায় বেবি বাম্পে হাত রেখে আছেন তাঁর স্বামী সম্বিত চট্টোপাধ্যায়। সূর্যাস্তের সুন্দর স্নিগ্ধ আলোয় তোলা এই ছবিটি দম্পতির আবেগঘন মুহূর্ত তুলে ধরেছে।

সম্বিত ও চিত্রাঙ্গদার বন্ধুত্বের ১৪ বছর পেরল। এই বিশেষ দিনে সকলের সামনে সুখবর এনেছেন অভিনেত্রী। ছবির সঙ্গে একটি ছোট্ট অর্থপূর্ণ বার্তাও লিখেছেন তিনি। স্বামীকে উদ্দেশ্য করে লেখেন, “হ্যাপি ১৪, মাই বেস্ট ফ্রেন্ড, মাই ইউনিভার্স।” তাঁর আরও সংযোজন “আমাদের জীবনের সেরা সময় আসছেো।” এই কথার মধ্য দিয়ে তিনি তাঁদের সংসারে নতুন অতিথির আগমনের ইঙ্গিত দিয়েছেন। ধুমধাম করে তাঁর সাধের আয়োজনও করা হয়েছিল পরিবারের তরফে। 

চিত্রাঙ্গদা ও সম্বিতের সম্পর্ক বহু বছরের। বন্ধুত্ব থেকেই তাঁদের প্রেমের শুরু। পরে সেই সম্পর্ক বিয়েতে পরিণত হয়। এবার তাঁদের জীবনে এল নতুন সদস্য।